টেরেন্সের সঙ্গে টেকেনি প্রেম ! ‘সুন্দর বাচ্চা পেতে চাই…’, বললেন নোরা ফাতেহি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফতেহি ‘বেলি ডান্স কুইন’ হিসেবে পরিচিত। ২০১৪ সালে ‘রোর: টাইগার্স অফ দ্য সুন্দরবনস’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি তার ক্যারিয়ার শুরু করেন। এরপর ‘ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’, ‘স্ট্রিট ডান্সার’ ছাড়াও একাধিক আইটেম গানে তাকে দেখা গেছে।
নোরা ব্যক্তিগত জীবনে বেশ গোপনীয়। ক্যারিয়ারের দীর্ঘ সময়ে বিভিন্ন ব্যক্তির সাথে তার নাম জড়ালেও, তাকে কখনোই কোন সিরিয়াস সম্পর্কে দেখা যায়নি।
সম্প্রতি কানেক্ট এফএম কানাডার একটি সাক্ষাৎকারে নোরা তার সঙ্গী পছন্দের বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন।
নোরা বলেন, “আমি এমন একজন মানুষকে খুঁজছি যে ঈশ্বরকে ভয় পায় এবং যার লালনপালন ভালো হয়েছে। এর পরে আসে অর্থ এবং আর্থিক স্থিতিশীলতা।”
তিনি আরও যোগ করেন, “আমার এমন একজন দরকার যে ভিতর থেকে সত্যিই ভালো, কারণ বর্তমানে চারপাশে খারাপ লোকের সংখ্যাই বেশি। যারা সুবিধাবাদী এবং আপনাকে ব্যবহার করে। মিথ্যাবাদীও আছে। কিছু লোক বছরের পর বছর আপনার সাথে থাকবে কিন্তু আপনাকে চাইবে না। তারা আপনার টাকা, জনপ্রিয়তা বা নেটওয়ার্ক চাইবে। চারপাশে সত্যিই অদ্ভুত মানুষ আছে। ভালো মনের কাউকে পেলে আমি খুশি হব।”
নোরা অতীতে অভিনেতা অঙ্গদ বেদী এবং কোরিওগ্রাফার টেরেন্স লুইসের সাথে সম্পর্কে ছিলেন বলে শোনা যায়।
তিনি আরও বলেন যে, পাঁচ বছর আগে পর্যন্ত তার দৃষ্টিভঙ্গি ছিল উচ্চতা এবং চেহারার মতো শারীরিক বৈশিষ্ট্যের উপর নজর দিয়ে নিজের জন্য জীবনসঙ্গী খোঁজা। কিন্তু গত কয়েক বছরের ব্যক্তিগত অভিজ্ঞতা তার ভাবনাচিন্তা বদলেছে। তাকে তার অগ্রাধিকার পুনর্বিবেচনা করতে প্ররোচিত করেছে।
এই সাক্ষাৎকারে দেখতে সুন্দর কতটা গুরুত্বপূর্ণ তা প্রশ্ন করা হলে, নোরার থেকে জবাব আসে, “এত কিছুর পরে আসলে সুন্দর চেহারা আসে। আমি বলতে চাইছি, আমার ভালো জেনেটিক্স দরকার কারণ আমি সুন্দর বাচ্চা পেতে চাই।”