ফের একসঙ্গে শুভশ্রী-দেবালয়, নতুন ছবির পরিকল্পনা জানালেন পরিচালক!

বাংলার জনপ্রিয় নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বর্তমানে ৯ মাসের অন্ত্বঃসত্ত্বা এ অভিনেত্রী। এমন অবস্থায় সবাইকে অবাক করে খুব শিগগিরই কাজে ফেরার আভাস দিয়েছেন টলিপাড়ার নায়িকা।

জানা গেছে, এখনই নাকি একের পর এক চিত্রনাট্য শুনে যাচ্ছেন শুভশ্রী। কারণ নভেম্বরে ডেলিভারির পর দ্রুতই কাজে ফিরতে চান তিনি। তাই এখন থেকেই প্রাথমিক কাজ এগিয়ে রাখছেন।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, আবারও পরিচালক দেবালয় ভট্টাচার্যর সঙ্গে জুটি বাঁধছেন এ নায়িকা। এ বারও নাকি প্রযোজনার দায়িত্বে থাকছে ‘এসভিএফ’।

দেবালয় পরিচালিত শুভশ্রীর প্রথম ওয়েব সিরিজ ছিল ‘ইন্দুবালা ভাতের হোটেল’। সেই সিরিজে তার অভিনয় বেশ প্রশংসা পেয়েছিল। আবারও নাকি এই পরিচালকের সঙ্গে কাজ করতে যাচ্ছেন এ নায়িকা।

দেবালয় বললেন, আসলে ইন্দুবালাতে একসঙ্গে কাজ করার পর থেকেই আমাদের মধ্যে সমীকরণটা একদম অন্য রকমের হয়ে গেছে। আমিও শুভশ্রীর সঙ্গে কাজ করতে চাই। ও (শুভশ্রী) আমার সঙ্গে কাজ করতে চায়। তাই আবার একটা পরিকল্পনা চলছে। এ বার বড় পর্দায় একসঙ্গে কাজ করার ভাবনা আছে। এমন একটা বিষয়ে কাজ করার ইচ্ছা আছে, যা এখানে খুব কম দেখা যায়।

এদিকে চলতি নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের প্রথমেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন শুভশ্রী। তার পর কিছু দিনের বিশ্রাম। তার পরই নাকি আবার ফ্লোরে ফিরবেন নায়িকা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরই নতুন কাজ শুরু করবেন দেবালয়।