সংসার নয়, কুকুরের জন্য একসূত্রে সামান্থা-নাগা চৈতন্য!

তেলুগু ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় দম্পতি ছিলেন সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। তাদের প্রেম, অতঃপর বিয়ে-সংসারের সুখী গল্প ভক্তদের মুগ্ধ করে রাখতো। কিন্তু সেই সুখের সংসারেই ভাঙন ধরে বছর দুয়েক আগে। আনুষ্ঠানিক বিচ্ছেদের মাধ্যমে আলাদা হয়ে যান তারা।
তবে সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, ফের এক হচ্ছেন সামান্থা-চৈতন্য। এই গুঞ্জনের সূত্রপাত ইনস্টাগ্রামে চৈতন্যের একটি পোস্ট থেকে। যেখানে একটি কুকুরের ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যায়, গাড়ির গ্লাস দিয়ে কুকুরটি সূর্যাস্তের দিকে তাকিয়ে আছে। এটি চৈতন্য ও সামান্থার যৌথভাবে দত্তক নেওয়া পোষ্য, নাম ‘হ্যাশ’।

ওই পোস্ট থেকেই নেটিজেনরা বলাবলি করছিল, পোষ্য কুকুরের সূত্রেই বিচ্ছেদ ভুলে এক হচ্ছেন স্যাম-নাগা। কিন্তু না, ঘনিষ্ঠ মহলের দাবি অনুসারে, এক হওয়ার বিষয়ে তারা কেউই ভাবছেন না। কেবল পোষ্য কুকুরকে দ্বৈতভাবে লালন-পালন করছেন।

ওই সূত্রের মতে, সামান্থা সম্প্রতি অস্ট্রেলিয়া ভ্রমণে গেছেন। সে কারণেই ‘হ্যাশ’কে আপাতত নাগা চৈতন্য দেখভাল করছেন। এখানে তাদের দাম্পত্য জীবনের কোনো শুভ আভাস নেই।

একসঙ্গে সিনেমায় কাজ করতে গিয়ে ২০১০ সালে চৈতন্য ও সামান্থার প্রেম শুরু হয়। সাত বছর মনের লেনাদেনা সেরে তারা ২০১৭ সালে বিয়ে করেছিলেন। ২০২১ সালের ২ অক্টোবর তারা বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।

এদিকে সামান্থাকে সর্বশেষ পর্দায় দেখা গেছে ‘কুশি’ সিনেমায়। এখানে তিনি বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে অভিনয় করেছেন। ছবিটি বক্স অফিসে খুব একটা সাড়া জাগাতে পারেনি। আপাতত কাজ থেকে বিরতিতে আছেন তিনি।

অন্যদিকে নাগা চৈতন্যের সর্বশেষ সিনেমা ‘কাস্টডি’ও বক্স অফিসে ব্যর্থ হয়েছে। তিনি এখন ব্যস্ত আছেন নিজের ২৩তম সিনেমা নিয়ে। যেটা পরিচালনা করছেন চান্দু মোন্দেতি।