রোববার পশ্চিমবঙ্গে কারও ‘ছায়া পড়বে না’ যে সময়ে, জেনেনিন সঠিক সময়

আগামীকাল রোববার এক মজার অভিজ্ঞতার সাক্ষী থাকবে কলকাতাসহ দক্ষিণবঙ্গ। এদিন দুপুরে কিছুক্ষণের জন্য পড়বে না কোনো ছায়া। এদিন বেলা ১১টা ৩৪ মিনিটে এটি সুস্পষ্ট বোঝা যাবে।

এর পেছনে বৈজ্ঞানিক কারণ কী?

জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি জানিয়েছেন, আগামীকাল (৫ জুন) ‘জিরো শ্যাডো ডে’র সাক্ষী থাকবে কলকাতা এবং শহরতলির বিস্তীর্ণ এলাকা। আগামীকাল বেলা সাড়ে ১১টার সামান্য পরে এ ঘটনা ঘটবে এবং ১১টা ৩৪ মিনিটে এটি সুস্পষ্ট বোঝা যাবে।

‘জিরো শ্যাডো ডে’ কী?

ছায়াশূন্য দিবস বা ছায়াহীন দিবস হলো এমন একটি দিনের বিশেষ মুহূর্ত, যখন সূর্যের রোদে দুপুরে কোনো বস্তুর ছায়া পড়ে না। এ সময়ে সূর্য ঠিক শীর্ষ অবস্থানে থাকে। অর্থাৎ মাথার একেবারে ওপরে চলে আসবে সূর্য। সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ণের সময়ে কর্কটক্রান্তি রেখার দক্ষিণে এমনটি ঘটে। সূর্যের কৌণিক অবস্থানের কারণে ছায়া বস্তুর একেবারে নিচে চলে যায়। ফলে সেটি সেভাবে দেখা যায় না। এ সময়টাকে বলা হয় ‘জিরো শ্যাডো মোমেন্ট’ অর্থাৎ ছায়াশূন্য মুহূর্ত।

+২৩.৫ ও -২৩.৫ ডিগ্রি অক্ষাংশের যথাক্রমে কর্কট ও মকরক্রান্তি রেখার মধ্যে অবস্থানের জন্য বছরে দুবার ছায়াশূন্য দিবস হয়। পৃথিবীর বিভিন্ন স্থানের হিসাবে তারিখ পরিবর্তন হয়।

প্রতি বছরই বিভিন্ন দিনে বিভিন্ন স্থানে এমন ছায়াশূন্য দিবস হয়। কলকাতায় আবার আগামী ৭ জুলাই বেলা ১১টা ৪১ মিনিটে এমনটি হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *