জেল থেকে বেড়িয়ে এসে ফের শ্বশুরবাড়িতে আগুন লাগালেন জামাই
May 25, 2022

শ্বশুরবাড়িতে আগুন লাগানোর অভিযোগে এক বার জেল খেটেছেন। ফিরে এসে আবারও একই কাজ করলেন জামাই। বুধবার (২৫ মে) পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এ ঘটনা ঘটে।
স্থানীয় খবরে বলা হয়েছে, মুর্শিদাবাদের ভগবানগোলার ওলাপুর এলাকার ওই জামাইকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
পুলিশ সুত্রে জানা গেছে, মাস তিনেক আগে ভগবানগোলার ওলাপুর এলাকায় শ্বশুরবাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে রামচাঁদবাটি গ্রামের বাসিন্দা সুমন শেখের বিরুদ্ধে। তখন তাকে গ্রেফতার করে পুলিশ। কয়েক মাস জেল খাটার পর ফিরে আসে সুমন। বুধবার সকালে তিনি আবার শ্বশুরবাড়িতে অগ্নিসংযোগ করতে যান। তাকে হাতেনাতে আটক করে স্থানীয়রা।
সুমনকে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়। তবে সুমন তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।