প্রেমের জন্য বিয়ে ভাঙার শাস্তি, তরুণীকে শ্বাসরুদ্ধ করে খুন করলো বাবা-ভাই
প্রেমের জন্য পরিবারের ঠিক করা বিয়ে ভেঙে দিয়েছিলেন তরুণী। এ ঘটনায় তাকে কঠোর শাস্তি দিয়েছেন বাবা, বড় ভাই এবং অন্য আত্মীয়েরা। শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে ওই তরুণীকে। তার পর প্রমাণ লোপাটের জন্য জ্বালিয়ে দেওয়া হয়েছে দেহও।
সম্প্রতি মহারাষ্ট্রের নান্দেড় জেলায় ঘটেছে এই ঘটনা। মুম্বাই থেকে ৬০০ কিলোমিটার দূরের পিম্প্রি মহীপাল গ্রামে থাকতেন মৃত তরুণী। হোমিওপ্যাথি মেডিসিনের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।
অভিযোগ, পরিবারের ঠিক করা বিয়ে তিনি ভেঙে দিয়েছিলেন। হবু বরকে জানিয়ে দিয়েছিলেন, তার অন্য প্রেমিক রয়েছে। বিয়ে ভেঙে যাওয়ার আক্রোশে তরুণীকে খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রামেরই এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন ওই তরুণী। কিন্তু অভিযোগ, তাদের সেই সম্পর্কে সায় ছিল না পরিবারের। জোর করে তরুণীর বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
গত ২২ জানুয়ারি তরুণী খুন হয়েছেন। পুলিশ জানায়, তরুণীর বাবা, বড় ভাই এবং চাচা এই খুনের মূল অভিযুক্ত। তারা ২২ তারিখ রাতে তরুণীকে একটি মাঠে নিয়ে যান। গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে সেখানেই খুন করা হয় তাকে। তার পর প্রমাণ লোপাটের উদ্দেশে তরুণীর মৃতদেহে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। দেহের ছাই নদীর জলে ফেলে দেন অভিযুক্তেরা।
এই ঘটনায় তরুণীর পরিবারের মোট ৫ জন পুরুষ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ঠিক কী কারণে বাড়ির মেয়েকে মেরে ফেলা হল, কেন তারা তরুণীর প্রেম মেনে নেননি, কেনই বা জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তা জানার চেষ্টা চলছে। ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন)-সহ একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
সূত্র: টাইমস নাও, আনন্দবাজার