পঞ্চায়েত সমিতির সভাপতির ঘরে বিজেপি-তৃণমূলের ‘গোপন বৈঠক’! রাজনৈতিক মহলে তুফান!

পঞ্চায়েত সমিতির সভাপতির বন্ধ ঘরে শাসক ও বিরোধী শিবিরের নেতাদের বৈঠক ঘিরে তুঙ্গে উঠল রাজনৈতিক তরজা। পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতির ঘরে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতার কথিত এই গোপন বৈঠককে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পালাবদলের গুঞ্জন ও নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনার মাঝেই এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল আলোচনা।
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তাঁরা কোনও বিশেষ কাজের জন্য বিডিও অফিসে পৌঁছান। সেই সময়ই সভাপতির ঘরে এই গোপন বৈঠকের খবর তাঁদের নজরে আসে। এই আকস্মিক ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।
এদিকে, এই বৈঠকের গুঞ্জনের পাশাপাশি এলাকার একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ নিয়েও ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। একদিকে যখন বিরোধীরা শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব, ঠিক সেই আবহেই সভাপতির ঘরে দুই শিবিরের এই সাক্ষাতের খবর প্রকাশ্যে আসায় সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে। এর নেপথ্যে নতুন কোনও রাজনৈতিক সমীকরণ লুকিয়ে রয়েছে কি না, তা নিয়ে এখন চলছে জোরদার জল্পনা।