OMG! শিক্ষিকাকে গুলি করল ৬ বছরের ছাত্র, স্কুল জুড়ে ছড়ালো উত্তেজনা

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে শ্রেণিকক্ষে বন্দুক নিয়ে গিয়ে শিক্ষিকাকে গুলি করেছে ছয় বছর বয়সী এক শিক্ষার্থী।
শুক্রবার (৬ জানুয়ারি) নিউপোর্ট নিউজ শহরের রিচনেক এলিমেন্টারি স্কুলে এ গুলির ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

প্রধান পুলিশ কর্মকর্তা স্টিভ ড্রু বলেন, অভিযুক্ত শিশু ‘ফার্স্ট গ্রেডের’ শিক্ষার্থী। তার হাতে কীভাবে বন্দুক গেল, তা পরিষ্কার নয়। তবে দুর্ঘটনাবশত এই গোলাগুলির ঘটনা ঘটেনি।

গুলিতে আহত ওই শিক্ষিকার নাম প্রকাশ করা হয়নি। বলা হচ্ছে, তার বয়স ৩০ বছরের মতো। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

স্থানীয় হাসপাতালে গুলিবিদ্ধ ওই শিক্ষিকাকে নেওয়া হয়েছে। তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

গুলির ঘটনাটি শ্রেণিকক্ষে ঘটেছে। এর আগে সেখানে ঝগড়া হয়েছিল। পুলিশ কর্মকর্তা ড্রু বলেছেন, এটি বিচ্ছিন্ন ঘটনা ছিল। স্কুলের আশপাশে বন্দুকধারী থাকার মতো কোনো খবর তাদের কাছে ছিল না।

কর্তৃপক্ষ বলছে, স্কুলে ৫৫০ জন শিক্ষার্থী রয়েছে। তাদের নিয়মিত তল্লাশি করা হয়।

ছয় বছরের ছেলেটি কোন ধরনের অস্ত্র ব্যবহার করেছে, পুলিশ তা জানায়নি। বলা হচ্ছে, ছেলেটি হ্যান্ডগান ব্যবহার করেছিল।

স্কুল ডিস্ট্রিক্ট হেড ড. জর্জ পার্কার বলেছেন, ‘স্কুল সোমবার বন্ধ থাকবে। পুরো ঘটনাটি ভয়ংকর। আমরা চাই না, এ ধরনের ঘটনা আবার ঘটুক।’

নতুন মেয়র ফিলিপ জোনস বলেছেন, এটি নিউপোর্ট নিউজ শহরের জন্য অন্ধকার দিন। ভার্জিনিয়ার গভর্নর গ্লেন ইয়ংকিন বলেছেন, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। প্রশাসন যেকোনো সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে। স্কুল, হাসপাতাল, গির্জা এমনকি শেষকৃত্যানুষ্ঠানেও হয়েছে বন্দুক হামলা।

একের পর এক বন্দুক সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্রে ব্যক্তিপর্যায়ে বন্দুক সহজলভ্য করার বিরোধিতা করছেন অনেকে। এ ক্ষেত্রে নিয়ম আরও কঠোর হওয়া দরকার বলে মনে করছেন তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও নিয়ন্ত্রণের কথা বলেছেন। তবে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।