অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাচ্ছেন না? কেন বাতিল হলো নাম, খোলসা করলেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গ সরকার গঠনের পরই ‘অন্নপূর্ণা যোজনা’র মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান শুরু হয়েছে। চলতি জুলাই মাসে ১ কোটি ১০ লক্ষেরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে পৌঁছেছে। তবে অনেকের ক্ষেত্রেই টাকা পৌঁছাতে দেরি হচ্ছে বা আবেদন ‘ভেরিফিকেশন’ পর্যায়ে রয়েছে। এই পরিস্থিতিতে প্রকল্পের উপভোক্তা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বাতিল তালিকার কারণ সরকার সূত্রে খবর, এই যোজনার জন্য মোট ১ কোটি ৬০ লক্ষ আবেদন জমা পড়েছিল। তার মধ্যে প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, কারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন:
-
সরকারি সুবিধাভোগী: যাঁরা সরকারি চাকরিতে কর্মরত, সরকারি পেনশন পান অথবা আয়কর (Income Tax) প্রদান করেন, তাঁরা এই প্রকল্পের আওতাভুক্ত নন।
-
নাগরিকত্ব সংক্রান্ত শর্ত: শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। যাঁদের নাম ভোটার তালিকায় নেই, তাঁরাও এই টাকা পাবেন না।
-
একাধিক অ্যাকাউন্টে সুবিধা: এক ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট বা উপায়ে প্রকল্পের টাকা নেওয়ার চেষ্টা করলে তা সরাসরি বাতিল করা হবে।
কাদের জন্য সুখবর? যাঁদের আবেদন বর্তমানে ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে, তাঁদের চিন্তার কারণ নেই। সঠিক যাচাইয়ের পর যোগ্য প্রার্থীরা আগামী মাসে টাকা পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁরা ভারতীয় নাগরিক, তাঁরা এই যোজনার সুবিধা পাওয়ার যোগ্য। বিশেষ উল্লেখ্য, যাঁরা সিএএ (CAA)-এর অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, তাঁরাও এই যোজনার সুবিধা পাবেন। এমনকি যাঁদের নাগরিকত্ব নিয়ে ট্রাইব্যুনালে মামলা চলছে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁরাও এই প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ভেরিফিকেশন ও পরবর্তী পদক্ষেপ যাঁদের স্ট্যাটাস এখনও ‘আন্ডার ইনকোয়ারি’ দেখাচ্ছে, তাঁদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছে সরকার। ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। অন্নপূর্ণা যোজনাকে স্বচ্ছ রাখতে এবং প্রকৃত অভাবী মহিলাদের হাতে সাহায্য পৌঁছে দিতে সরকার প্রতিটি আবেদন খুঁটিয়ে পরীক্ষা করছে বলে জানানো হয়েছে।