সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত অপমান! ‘সৌরভ গঙ্গোপাধ্যায় ফ্যানস’ পেজের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ স্বয়ং মহারাজ

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত বিভ্রান্তিকর এবং মানহানিকর পোস্টের জেরে এবার পুলিশের দ্বারস্থ হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তাঁর অভিযোগ, ‘সৌরভ গঙ্গোপাধ্যায় ফ্যানস’ নামক একটি ফেসবুক পেজের মাধ্যমে পরিকল্পিতভাবে তাঁর সুনাম নষ্ট করার চেষ্টা চালানো হচ্ছে।
কী অভিযোগ সৌরভের?
অভিযোগকারী ফেসবুক পেজটির ফলোয়ার সংখ্যা প্রায় ৩৬ লক্ষেরও বেশি। এই পেজটি নিজেদের সৌরভের ‘অফিসিয়াল ফ্যান পেজ’ বলে দাবি করলেও, আদতে এটি কোনোভাবেই তাঁর সাথে যুক্ত নয় বলে জানিয়েছেন সৌরভ। তাঁর অভিযোগ, এই পেজ থেকে ক্রমাগত এমন সব মন্তব্য ও পোস্ট করা হচ্ছে যা জনমানসে তাঁর সম্পর্কে ভুল বার্তা দিচ্ছে এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। অভিযোগে সৌরভ পেজটির লিঙ্ক এবং এক স্পোর্টস ওয়েবসাইটের উল্লেখ করেছেন।
কী বলছেন সৌরভ?
এই বিষয়ে সৌরভ স্পষ্ট ভাষায় জানান, “একজন জনপরিচিত ব্যক্তিত্ব হিসেবে জনমত ও সমালোচনা মেনে নেওয়াটা আমার জীবনের অঙ্গ। কিন্তু, আমার সুনাম নষ্ট করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর এবং অগ্রহণযোগ্য বিষয়বস্তু ছড়ানো মেনে নেওয়া যায় না। এর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক।”
বিতর্কের সূত্রপাত কোথায়?
সাম্প্রতিক বেশ কিছু রাজনৈতিক গুজবকে কেন্দ্র করেই এই বিবাদের সূত্রপাত। সূত্রের খবর, সম্প্রতি এমন রটনা ছড়িয়েছিল যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ ইউসুফ পাঠানের পদত্যাগ এবং সেই আসনে উপনির্বাচনে লড়ার বিষয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মাধ্যমে বার্তা পাঠিয়েছেন। এই তথ্যকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন সৌরভ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইউসুফ পাঠানের সঙ্গে তাঁর কোনো কথা হয়নি এবং মুখ্যমন্ত্রীও এমন কোনো বার্তা দেওয়ার জন্য তাঁকে অনুরোধ করেননি। এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সৌরভকে জড়িয়ে একের পর এক বিতর্কিত পোস্ট করা শুরু হয়, যা নিয়েই এখন আইনি লড়াইয়ের পথে নেমেছেন ‘মহারাজ’।
ঠাকুরপুকুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। ফেসবুক পেজটির নেপথ্যে কারা রয়েছে এবং কী উদ্দেশ্যে এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তা তদন্ত সাপেক্ষ।