তারকা সন্তান হলেও সাধারণের মতোই জীবন! রণবীর-দীপিকার মেয়ে দুয়াকে নিয়ে বড় খবর ফাঁস করলেন দাদু প্রকাশ পাড়ুকোন

বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের সংসারে এখন খুশির জোয়ার। শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবির বড় শিডিউল শেষ করে সম্প্রতি দেশে ফিরেছেন দীপিকা। তবে লাইমলাইটের আড়ালে এখন চর্চার কেন্দ্রবিন্দুতে তাঁদের একরত্তি কন্যা ‘দুয়া’। রূপোলি পর্দার সুপারস্টারদের সন্তান হয়েও দুয়া কেন অন্যদের থেকে আলাদা? এই রহস্য ফাঁস করলেন খোদ দাদু, কিংবদন্তি ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোন।
তারকা তকমা দূরে রেখে ‘সাধারণ’ দুয়া:
সাধারণত সেলেব কিডদের জীবন মানেই বিলাসবহুল বলয়। কিন্তু দুয়ার ক্ষেত্রে ছবিটা একদমই আলাদা। প্রকাশ পাড়ুকোন জানান, নাতনিকে মাটির কাছাকাছি মানুষ করতেই তাদের এই প্রচেষ্টা। তারকা সন্তান হওয়া সত্ত্বেও দুয়াকে নিয়ে দাদু প্রকাশ পাড়ুকোন নিয়মিত অটো-রিকশা কিংবা মেট্রোয় চড়ে বেড়ান। সাধারণ বাচ্চাদের সঙ্গে লোকাল পার্কে খেলে বেড়ানো থেকে শুরু করে ক্যাম্প স্টেশনের পাশ দিয়ে ছুটে চলা ট্রেন দেখা—এভাবেই শৈশব উপভোগ করছে দুয়া।
কী বলছেন ‘হ্যান্ডস-অন’ দাদু?
প্রকাশ পাড়ুকোন জানান, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে দুয়ার জন্মের পর থেকে তাঁর পৃথিবীটা আমূল বদলে গেছে। দাদু হিসেবে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে তিনি বলেন, “দুয়া অসম্ভব মিশুকে। চেনা-অজানা সবাইকে মিষ্টি করে ‘হ্যালো’ বলে সে মন জয় করে নেয়।”
সন্তান পালনে কেমন দীপিকা-রণবীর?
মেয়ের দেখভালের জন্য রণবীর ও দীপিকা যে অত্যন্ত সচেতন, তার সার্টিফিকেটও দিলেন দাদু। তিনি জানান, তারকা হয়েও সন্তানের দায়িত্ব আয়া বা গৃহসহায়কদের ওপর চাপিয়ে নিশ্চিন্ত থাকেন না তাঁরা। প্রকাশবাবুর কথায়, “দীপিকা তো বটেই, এমনকি কাজের চাপে ভীষণ ব্যস্ত রণবীরও যখনই শুটিং থেকে ব্রেক পায়, পুরো সময়টা মেয়ের পেছনেই ব্যয় করে।” এই দম্পতি যে একেকজন ‘হ্যান্ডস-অন পেরেন্টস’, তা আজ স্পষ্ট।
উল্লেখ্য, ২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিয়ের পিঁড়িতে বসা এই দম্পতি গত দীপাবলিতে প্রথম মেয়ের নাম প্রকাশ্যে আনেন। ‘দুয়া’—যার অর্থ প্রার্থনা, তাঁদের জীবনে এখন সেটাই সবচেয়ে বড় সত্য। আপাতত রণবীরের ‘প্রলয়’ এবং দীপিকার আসন্ন প্রজেক্টের অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা।