মৃত্যুফাঁদ রাস্তা! স্কুলছাত্রদের দুর্ঘটনার জেরে রাস্তায় নেমে বিক্ষোভ, কাঠ জ্বালিয়ে প্রতিবাদ হাসনাবাদে

দীর্ঘদিনের বেহাল রাস্তা এবং প্রশাসনিক অবহেলার প্রতিবাদে সোমবার সকাল থেকে উত্তাল হয়ে উঠল উত্তর ২৪ পরগনার হাসনাবাদ। রাস্তার সংস্কারের দাবিতে হাসনাবাদ ব্রিজ সংলগ্ন এলাকায় টায়ার ও কাঠ জ্বালিয়ে পথ অবরোধে নামেন স্থানীয় অটো-টোটো চালক ও নিত্যযাত্রীরা।

অবরোধের জেরে হাসনাবাদ ও সংলগ্ন এলাকায় যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়, ফলে চরম ভোগান্তিতে পড়েন স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে সাধারণ মানুষ।

কেন এই ক্ষোভ? স্থানীয় সূত্রে জানা গেছে, হাসনাবাদ থেকে শুলকুনি পর্যন্ত সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল। রাস্তার পিচ উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বর্ষার মরশুম শুরু হতেই সেই গর্তগুলো এখন মরণফাঁদে পরিণত হয়েছে।

বিক্ষোভকারী তপন মণ্ডল অভিযোগ করেন, “রাস্তাটি এমন অবস্থায় রয়েছে যে নিত্যদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে বেআইনিভাবে মাটি বোঝাই লরি চলাচলের কারণে রাস্তাটি আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্কুলের বাচ্চারা যাতায়াতের সময় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে। কারো হাত ভাঙছে, কারো মাথায় চোট লাগছে। আজ বাধ্য হয়েই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।”

দাবি কী? আন্দোলনকারীদের স্পষ্ট দাবি:

  • দ্রুত রাস্তা সংস্কার করে চলাচলের যোগ্য করে তুলতে হবে।

  • রাস্তার উপর দিয়ে বেআইনি মাটিবাহী ভারী লরি চলাচল অবিলম্বে বন্ধ করতে হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, প্রশাসনের পক্ষ থেকে রাস্তা সারাইয়ের মৌখিক আশ্বাস দেওয়া হলেও, স্থায়ী সমাধানের দাবিতে বিক্ষোভকারীরা অনড় অবস্থানে রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজর রাখছে পুলিশ।