বিজেপি বনাম কংগ্রেসের সংঘাত তুঙ্গে! গেহলটের মন্তব্যের পাল্টা কী বললেন রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী?

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজেপির আদর্শ নিয়ে এবার সরাসরি আক্রমণ শানালেন প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলট। তাঁর দাবি, বর্তমান ভারত এক অত্যন্ত ‘বিপজ্জনক’ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি মন্তব্য করেছেন যে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আজ জীবিত থাকলে তিনি বিজেপির মতো দলকে নিষিদ্ধ করে দিতেন।
গেহলটের নিশানায় বিজেপি
জয়পুরে এক সভায় গেহলট বলেন, ৫০ বছরের রাজনৈতিক জীবনে তিনি এমন বিপজ্জনক পরিবেশ আগে কখনও দেখেননি। তাঁর অভিযোগ, ক্ষমতায় থাকা দলটি ইচ্ছাকৃতভাবে দেশে ধর্মীয় মেরুকরণ তৈরি করছে। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে গেহলট বলেন, “৪০৩টি আসনের রাজ্যে আপনারা একজনও মুসলিম প্রার্থীকে টিকিট দেননি। আর তারপরেও নিজেদের জাতীয় দল বলেন! এটি আসলে ‘খাঁটি হিন্দুত্ববাদী’ তকমা পাওয়ার এক কৌশল।” তিনি আরও অভিযোগ করেন, মুখতার আব্বাস নাকভি বা শাহনওয়াজ হোসেনের মতো নেতাদেরও আজ ব্রাত্য করে দেওয়া হয়েছে।
ভারত জোটে রাহুল গান্ধীর নেতৃত্ব
বিরোধী ঐক্য নিয়ে কথা বলতে গিয়ে গেহলট জানান, ‘ভারত’ (INDIA) জোটকে শক্তিশালী করা এখন সময়ের দাবি। তিনি প্রকাশ্যে রাহুল গান্ধীর হাতে জোটের নেতৃত্ব তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তাঁর বার্তা, “ইতিহাস আপনাদের ক্ষমা করবে না যদি এখন আপনারা সচেতন না হন।”
পাল্টা আক্রমণে বিজেপি
গেহলটের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী প্রেম চাঁদ বৈরওয়া। তিনি পালটা কটাক্ষ করে বলেন, “যে মনোভাব নিয়ে কথা বলছেন, তাতে একটি দলকে নিষিদ্ধ করা সংবিধান বা গণতন্ত্রের কোথাও নেই। ইন্দিরা গান্ধী নিজেই জরুরি অবস্থা জারি করে দেশের মানুষকে পুড়িয়েছিলেন। গেহলট আসলে তোষণ রাজনীতির জন্যই এসব বলছেন।”
সর্দার প্যাটেলের প্রসঙ্গ টানলেন সুপ্রিয়া শ্রীনাত
এদিকে, কংগ্রেসের অপর মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাত গেহলটের সুরেই সুর মিলিয়েছেন। সর্দার বল্লভভাই প্যাটেলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “প্যাটেলজি যেহেতু অতীতে আরএসএস (RSS)-কে নিষিদ্ধ করেছিলেন, তাই আজ বেঁচে থাকলে তিনিও বিজেপিকে নিষিদ্ধই করতেন।”
বিজেপিকে ‘নিষিদ্ধ’ করার এই দাবি নিয়ে রাজনীতির ময়দানে এখন নতুন করে বিতর্ক শুরু হয়েছে। একদিকে যখন বিজেপি একে গণতন্ত্রবিরোধী বলে আখ্যা দিচ্ছে, অন্যদিকে কংগ্রেস দেশ রক্ষার ডাক দিয়ে বর্তমান শাসক দলকে তীব্র আক্রমণ করছে।