১০০ দিনের বদলে মিলবে ১২৫ দিনের কাজ, আবাস যোজনায় মিলল বড় স্বস্তি!

রাজ্যজুড়ে সরকারি পরিষেবা পৌঁছে দিতে তৎপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নন্দীগ্রামের রেয়াপাড়া থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সরকারের নতুন উদ্যোগ— ‘জনকল্যাণ শিবির’। এদিন এই শিবির থেকেই রাজ্যের গ্রামীণ অর্থনীতি ও সাধারণ মানুষের জন্য একাধিক বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

এক নজরে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণাগুলি:

জনকল্যাণ শিবির: আগামী তিন দিনের জন্য রাজ্যের ১১০০টি স্থানে এই শিবিরের আয়োজন করা হয়েছে। এখান থেকে ৫৪টি গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি মানুষ গ্রহণ করতে পারবেন।

১০০ দিনের কাজে বড় বদল: দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ১০০ দিনের কাজ (MGNREGS)। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সহায়তায় জুন মাসেই ১.৫৩ কোটি শ্রম দিবস মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি, ১ জুলাই থেকে কাজের মেয়াদ ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করা হচ্ছে।

আবাস যোজনা ও সমীক্ষা: রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালুর পর এখন জোরকদমে চলছে সমীক্ষার কাজ। ২০ জুলাই পর্যন্ত নাম নথিভুক্তির সুযোগ থাকছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, তালিকা তৈরিতে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। সমীক্ষা নিয়ে কোনো অভিযোগ থাকলে বা কেউ বঞ্চিত হলে সরকারের টোল-ফ্রি নম্বরে সরাসরি জানানো যাবে।

অন্নপূর্ণা যোজনা: গত ৫ সপ্তাহে সরকারের সাফল্যের কথা তুলে ধরে শুভেন্দু জানান, ইতিমধ্যে প্রায় ৭৯ লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার আওতায় আনা হয়েছে।

অভিযোগ জানানোর হেল্পলাইন:
সরকারি পরিষেবা পেতে কোনো রকম হয়রানি বা সমস্যা হলে সাধারণ মানুষ যাতে সরাসরি অভিযোগ জানাতে পারেন, তার জন্য নবান্নের পক্ষ থেকে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর: ৮২৮২০৮২৮২০ (8282082820)। এছাড়া asap@wb.gov.in ইমেল আইডিতেও অভিযোগ জানানো যাবে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা অন্নপূর্ণা যোজনা— যে কোনো বিষয়ে সমস্যার সমাধানে সরকার যে বদ্ধপরিকর, তা এদিন ফের স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।