১৫ থেকে ১৭ জুন টানা বৃষ্টিতে ভিজবে বাংলা: দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তরবঙ্গের জন্য জারি লাল সতর্কতা!

জুনের মাঝামাঝি সময়ে ফের সক্রিয় মৌসুমী বায়ু। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত রাজ্যজুড়ে জারি রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা। দক্ষিণবঙ্গে মূলত বিক্ষিপ্ত বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস থাকলেও, উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির তীব্রতা অনেক বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি: ১৫ জুন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ১৬ জুন বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট বাড়তে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়।

উত্তরবঙ্গের জন্য সতর্কতা: উত্তরবঙ্গের পরিস্থিতির দিকে বিশেষ নজর দিচ্ছে আবহাওয়া দপ্তর। ১৫ জুন জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ১৬ জুন পরিস্থিতি আরও জটিল হতে পারে। ওইদিন আলিপুরদুয়ার জেলায় ‘ভারী থেকে অতি ভারী’ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্রশাসনের সতর্কতা: আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, বৃষ্টির সময় বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকায় খোলা জায়গায় না থাকাই শ্রেয়। চাষবাসের কাজে যুক্ত মানুষ এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাহাড়ী এলাকায় ভূমিধসের সম্ভাবনা এবং নিচু এলাকায় জল জমার ঝুঁকি থাকায় স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।