তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বড় পদক্ষেপ: ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি’র হাত ধরে এনডিএ-র পথে!

লোকসভার অন্দরে তৃণমূল কংগ্রেসের ভাঙন কার্যত সময়ের অপেক্ষা। আইনি জটিলতা কাটাতে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা এবার এক নয়া কৌশলের আশ্রয় নিচ্ছেন। সূত্রের খবর, তাঁরা সরাসরি আলাদা ব্লক তৈরি না করে এবার মিশে যেতে চলেছেন ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া’ (NCPI)-র সঙ্গে। এই সিদ্ধান্তের মাধ্যমেই তাঁরা পরবর্তীতে এনডিএ (NDA)-কে সমর্থন জোগাবেন বলে নিশ্চিত রাজনৈতিক মহলের একাংশ।

গোপন বৈঠক ও পরবর্তী পদক্ষেপ রবিবার বিকেলে কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের বিজেপি পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাসভবনে বিদ্রোহী তৃণমূল সাংসদদের একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের উপস্থিতি রাজনৈতিক জল্পনাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সূত্রের খবর, এই বৈঠক শেষ করেই সাংসদরা লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করতে রওনা হয়েছেন।

কেন এই নয়া দল? বিশ্লেষকদের মতে, দলত্যাগবিরোধী আইনের আইনি মারপ্যাঁচ এড়াতে বিদ্রোহী সাংসদরা এই পথ বেছে নিয়েছেন। ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি’র রাজনৈতিক ভিত্তি বাংলা, আসাম এবং ত্রিপুরার মতো রাজ্যে বিস্তৃত। এই দলের সঙ্গে যুক্ত হয়ে তাঁরা এনডিএ শিবিরে যোগ দিলে আইনি লড়াইয়ে অনেকটা সুবিধাজনক অবস্থানে থাকবেন।

উল্লেখ্য, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙন রুখতে স্পিকারের দ্বারস্থ হয়ে কড়া আইনি বার্তা দিলেও, বিদ্রোহীরা যে তাঁদের অবস্থানে অনড়, তা রবিবার সন্ধ্যার এই তৎপরতা থেকেই স্পষ্ট। তৃণমূলের সংসদীয় রাজনীতিতে এই নজিরবিহীন নাটকীয় মোড় এখন জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রে।