রাতের অন্ধকারে বাগানে নথি পোড়ানোর অভিযোগ! নাটকীয়ভাবে গ্রেফতার অশোকনগরের পুরপ্রধান

অশোকনগর-কল্যাণগড় পুরসভার অন্দরে এখন চরম অস্থিরতা। শুক্রবার গভীর রাতে নিজের বাড়ির বাগানে গুরুত্বপূর্ণ সরকারি নথি পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে গ্রেফতার হলেন পুরপ্রধান প্রবোধ সরকার। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক মহল।
কী ঘটেছিল সেই রাতে?
শুক্রবার গভীর রাতে পুরপ্রধানের বাড়ির বাগানে হঠাৎই আগুনের শিখা দেখতে পান প্রতিবেশীরা। সন্দেহ দানা বাঁধায় দ্রুত খবর দেওয়া হয় স্থানীয় বিজেপি নেতাদের। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান বিজেপি কর্মীরা। অভিযোগ, দীর্ঘক্ষণ ডাকাডাকি করা সত্ত্বেও পুরপ্রধান দরজা খোলেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় খবর দেওয়া হয় অশোকনগর থানায়।
পুলিশের নাটকীয়া অভিযান:
ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও পুরপ্রধানের বাড়ির দরজা বন্ধ ছিল। শেষপর্যন্ত কোনো সাড়া না মেলায় পুলিশ পাঁচিল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে। জিজ্ঞাসাবাদের মুখে প্রবোধ সরকার দাবি করেন, তিনি কেবল বাগানের শুকনো পাতা পোড়াচ্ছিলেন। তবে তার এই দাবি ঘিরে তৈরি হয়েছে প্রশ্ন।
বিজেপির বিস্ফোরক অভিযোগ:
পুরপ্রধানের দাবি মানতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁদের অভিযোগ, শুকনো পাতা পোড়ানোর আড়ালে আসলে পুরসভার বিভিন্ন দুর্নীতিমূলক কাজের নথিপত্র এবং গুরুত্বপূর্ণ পরিচয়পত্র পুড়িয়ে ফেলছিলেন প্রবোধ সরকার। বিজেপির দাবি, অশোকনগর-কল্যাণগড় পুরসভায় আবাস যোজনা প্রকল্পসহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে। সেই দুর্নীতির সমস্ত তথ্য-প্রমাণ মুছে ফেলার জন্য রাতের অন্ধকারের সুযোগ নিয়ে এই ছক কষা হয়েছিল।
তদন্ত শুরু:
অভিযোগের গুরুত্ব বিবেচনা করে পুলিশ রাতেই পুরপ্রধানকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। সরকারি নথি লোপাটের চেষ্টার পেছনে ঠিক কী রহস্য লুকিয়ে আছে, তা জানতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।
এই গ্রেফতারির ফলে পুরসভার প্রশাসনিক কাজে কোনো স্থবিরতা তৈরি হবে কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে।