আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন! দাউদাউ জ্বলছে জেলা পরিষদের বিল্ডিং, আতঙ্ক এলাকায়

সকালবেলা অফিস শুরুর ঠিক আগেই বিধ্বংসী অগ্নিকাণ্ড। বুধবার সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ আলিপুরের দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ ভবনে আচমকাই আগুন লেগে যায়। বহুতলটির চারতলা থেকে আগুনের সূত্রপাত হলেও দ্রুত তা অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে আলিপুর আদালত চত্বরসহ পার্শ্ববর্তী এলাকায়।

ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
খবর পাওয়া মাত্রই দমকলের প্রথম ইঞ্জিনটি ঘটনাস্থলে পৌঁছায়। তবে দমকল কর্মীদের একাংশের প্রাথমিক অভিযোগ, শুরুতে জলের পর্যাপ্ত ফোর্স না থাকায় আগুন নেভানোর কাজে বেগ পেতে হয়। পরে একে একে মোট ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। বহুতল ভবনের চারপাশে গাছ থাকায় হাইড্রোলিক ল্যাডার ব্যবহার করতে গিয়েও দমকল কর্মীদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে।

আটকে নেই কেউ, স্বস্তি প্রশাসন ও কর্মীদের
সকালবেলা অফিসের কাজের চাপ না থাকায় বহুতলটির ভেতরে কেউ আটকে নেই বলে দমকল সূত্রে নিশ্চিত করা হয়েছে। কোনো বড় ধরনের প্রাণহানির খবর না থাকলেও অগ্নিকাণ্ডের তীব্রতায় অফিস ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কোনো বড়সড় বিপর্যয় এড়াতে তড়িঘড়ি গোটা ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

শর্ট সার্কিটের আশঙ্কা
প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, অফিসের এসি মেশিন বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। যদিও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত নির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না আধিকারিকরা। ঘটনাস্থলে দমকলের পাশাপাশি স্থানীয় পুলিশ বাহিনী উপস্থিত হয়ে এলাকাটিকে কর্ডন করে রেখেছে। অগ্নিকাণ্ডের জেরে এলাকার যান চলাচলও সাময়িকভাবে প্রভাবিত হয়েছে।