‘১ টাকাও নিয়েছি প্রমাণ হলে ফাঁসিকাঠে তুলুন!’ গ্রেফতার হয়েও পুরোনো মেজাজে সব্যসাচী

রাজনীতিতে তাঁর দাপট সর্বজনবিদিত। তৃণমূল হোক বা বিজেপি—বরাবরই সব্যসাচী দত্ত মানেই সংবাদের শিরোনাম। সেই দাপুটে নেতা, বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্তকে এবার কোটি টাকার তোলাবাজির অভিযোগে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। সোমবার গভীর রাতে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
ঠিক কী অভিযোগ?
মধুসূদন চক্রবর্তী নামে এক ব্যবসায়ীর করা এফআইআরের ভিত্তিতে এই গ্রেফতারি। অভিযোগকারীর দাবি, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে তাঁর কাছ থেকে এক কোটি টাকা তোলাবাজি করেছেন সব্যসাচী। পাশাপাশি ওই ব্যবসায়ীর অভিযোগ, তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে এবং মানসিক নির্যাতন করা হয়েছে।
গ্রেফতারের পর কী বললেন সব্যসাচী?
গ্রেফতার হওয়ার পরও সব্যসাচী দত্তর সেই পরিচিত মেজাজ অটুট। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সমস্ত অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন। সব্যসাচী বলেন, “এক কোটি কেন, ১০০ কোটিও অভিযোগ করতে পারে। এক টাকাও যদি কেউ আমাকে দিয়ে থাকে, তবে আমাকে ফাঁসিকাঠে তুলে দিক।”
নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে তিনি ‘প্রতিহিংসা’ বলেই দাবি করেছেন। সব্যসাচীর বক্তব্য, “এই ব্যবসায়ী নিজেই ২০১৮ সালে বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছিলেন। সেই সময় তাঁর পরিবারের লোকজন জামিনের জন্য আমার কাছে এসেছিলেন। এখন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে মিথ্যে অভিযোগ সাজানো হচ্ছে।”
রাজনীতির অন্দরে তোলপাড়:
বিধাননগরের এই দাপুটে নেতার গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অতীতেও বিভিন্ন সময় নিজের মন্তব্যের জন্য শিরোনামে এসেছেন সব্যসাচী। এবার পুলিশি জালে পড়ার পর তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।
পুলিশি সূত্রে খবর, ধৃত সব্যসাচী দত্তকে মঙ্গলবার আদালতে পেশ করা হবে এবং তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে।