সবাই যখন বৈভবকে নিয়ে উচ্ছ্বসিত, ঠিক তখনই বিস্ফোরক কপিল দেব! দিলেন আগাম হুঁশিয়ারি

আইপিএলে দাপুটে পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলের দুয়ার খুলেছে ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর সামনে। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের দলে ডাক পেয়েছেন তিনি। শচীন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে জাতীয় দলে সুযোগ পাওয়া এই তরুণকে ঘিরে এখন সাজানো হচ্ছে বড় স্বপ্নের জাল। তবে এই আগাম উচ্ছ্বাসের মাঝেই সাবধানী বার্তা দিলেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিল দেব।

বৈভবের প্রতিভার প্রশংসা করলেও, তরুণ এই ক্রিকেটারের ওপর অতিরিক্ত প্রত্যাশার চাপ না দেওয়ার পক্ষেই মত দিয়েছেন কপিল। তাঁর মতে, ক্যারিয়ারের শুরুতেই অতিরিক্ত চাপে ফেলে দিলে তা ওই ক্রিকেটারের ভবিষ্যতের জন্য হিতে বিপরীত হতে পারে।

এদিন বৈভবকে নিয়ে এক সাক্ষাৎকারে কপিল দেব বলেন, “ও নিঃসন্দেহে বিশেষ প্রতিভার অধিকারী, তাতে কোনো সন্দেহ নেই। ও যা কিছু অর্জন করেছে তা অবিশ্বাস্য। কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বা জুনিয়র লেভেল থেকে সরাসরি আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নেওয়াটা খুব একটা সহজ কাজ নয়। এর জন্য ধৈর্য এবং সময়ের প্রয়োজন।”

বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি আরও যোগ করেন, “ভারতীয় দলে খেলাটা অন্য মাত্রার বিষয়। এখানে টেকনিকের পাশাপাশি মানসিক দৃঢ়তা এবং ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় দলের পরিবেশে অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আমি শুধু এটুকুই বলব, ওকে এখনই অতিরিক্ত চাপে না ফেলে যথেষ্ট সময় দেওয়া হোক। ও কতটা ফোকাসড থাকতে পারে, এখন সেটাই দেখার বিষয়।”

প্রসঙ্গত, শুধু আয়ারল্যান্ড বা ইংল্যান্ড সিরিজই নয়, এশিয়ান গেমসের দলেও জায়গা করে নিয়েছেন বৈভব। ছোট কাঁধে দেশের বড় আশা, সেই ভার বৈভব কতটা সফলভাবে বহন করতে পারেন, এখন সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।