সোমবার হাজিরা, তার আগেই অরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশের হানা! বাড়ির দরজায় টাঙানো হলো নোটিস

রাজ্যে পালাবদলের পর থেকেই অস্বস্তিতে তৃণমূলের পুরনো নেতৃত্ব। এবার মেসি-কাণ্ডের তদন্তে সরাসরি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নিউ আলিপুরের বাসভবনে হানা দিল নিউ আলিপুর ও বিধাননগর থানার পুলিশ। সোমবার তাঁর হাজিরা দেওয়ার কথা থাকলেও, তার আগেই রবিবারের সন্ধ্যায় বাড়িতে গিয়ে এই নোটিস দিয়ে এল পুলিশ।
বাড়িতে দীর্ঘক্ষণ অপেক্ষা পুলিশের রবিবার বিকেলে পুলিশ অরূপ বিশ্বাসের বাড়িতে পৌঁছায়। তবে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও বাড়ির ভেতর থেকে কেউ সাড়া দেননি। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে বিধাননগর ও নিউ আলিপুর থানার পুলিশ আধিকারিকরা বাড়ির দরজায় হাজিরার নোটিস টাঙিয়ে দিয়ে চলে যান। সূত্রের খবর, মেসি-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে তলব করা হয়েছে।
মেসি-কাণ্ড ও নতুন করে এফআইআর ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্তের দায়ের করা অভিযোগের ভিত্তিতে বিধাননগর পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে। জানা গেছে, গত ৫ জুন পুলিশ অরূপ বিশ্বাসকে তলব করেছিল। এর আগে যুবভারতীতে মেসিকে নিয়ে আয়োজিত অনুষ্ঠান ঘিরে অনিয়মের অভিযোগে ফ্রেশ এফআইআর দায়ের করা হয়েছিল, যেখানে অরূপ বিশ্বাসের নাম বিশেষভাবে উল্লেখ রয়েছে। তাঁর বিরুদ্ধে মোট ৫টি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আইনি জটিলতা এড়াতে সোমবার বারাসত আদালতে তিনি আগাম জামিনের আবেদনও জানিয়েছেন।
স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পর নতুন চাঞ্চল্য উল্লেখ্য, এই ঘটনার রেশ কাটার আগেই অরূপ বিশ্বাসের ভাই তথা টালিগঞ্জের স্টুডিও পাড়ার দাপুটে নেতা স্বরূপ বিশ্বাস তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হয়েছেন। স্বরূপের গ্রেফতারির পর টালিগঞ্জের সিনে ফেডারেশনে অরাজকতা ও সিন্ডিকেট রাজ নিয়ে একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসছে। বর্তমানে সেই ঘটনার তদন্তে নেমেই নিউ আলিপুর থানা অরূপ বিশ্বাসের বাড়িতে এই বিশেষ পদক্ষেপ নিল।
নতুন মন্ত্রীর কঠোর অবস্থান বাংলার নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের ক্রীড়া ক্ষেত্রকে দুর্নীতিমুক্ত করার বার্তা দিয়েছেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আগেই জানিয়েছিলেন, মেসি-কাণ্ডের ফাইল তলব করা হয়েছে। এর পরেই পুলিশের এই তৎপরতাকে রাজ্যের প্রশাসনিক মহলে বড়সড় রাজনৈতিক পদক্ষেপ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।