রামলিঙ্গম হত্যা মামলায় বড় পদক্ষেপ NIA-র! PFI-এর ৪ প্রাক্তন সদস্যের বিরুদ্ধে চার্জশিট দাখিল

চাঞ্চল্যকর রামলিঙ্গম হত্যা মামলায় তদন্তের মোড় ঘোরাল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। নিষিদ্ধ সংগঠন ‘পপপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’ (PFI)-এর চার প্রাক্তন সদস্যের বিরুদ্ধে শুক্রবার বিশেষ আদালতে চার্জশিট দাখিল করল কেন্দ্রীয় এই সংস্থা। দীর্ঘ ছয় বছর ধরে খুনিদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে এই চারজনের বিরুদ্ধে।
কী অভিযোগ? NIA-এর চার্জশিট অনুযায়ী, কে. মোইদিন, মহম্মদ ইমরান, তমিম আনসারি এবং আসমত নামের এই চার অভিযুক্ত জেনেশুনেই রামলিঙ্গম হত্যায় সরাসরি জড়িত অপরাধীদের দীর্ঘ প্রায় ছয় বছর ধরে লুকিয়ে রেখেছিল। এর ফলে ওই অপরাধীরা এতদিন পুলিশের চোখ এড়িয়ে পালিয়ে থাকতে সক্ষম হয়েছিল। এই চারজনকে আইন ভেঙে খুনিদের সাহায্য করার দায়ে ইউএপিএ (UA-P) অ্যাক্ট এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় অভিযুক্ত করা হয়েছে।
ঘটনার প্রেক্ষাপট: ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি থিরুভুবনম এলাকায় রামলিঙ্গমকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। অভিযোগ, এলাকায় জোরপূর্বক ধর্মান্তকরণের প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। তার জেরেই PFI-এর কর্মীদের সঙ্গে তাঁর বিতর্ক হয় এবং পরবর্তীতে তাঁকে প্রাণ হারাতে হয়। NIA-এর তদন্তে উঠে এসেছে, এটি নিছক কোনো ব্যক্তিগত শত্রুতা নয়, বরং এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করাই ছিল এই হামলার মূল উদ্দেশ্য।
তদন্তের অগ্রগতি: এই মামলায় এর আগেই ১৮ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল NIA। পরবর্তীকালে মূল ষড়যন্ত্রকারীদের কয়েকজনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া অপরাধীদের আশ্রয় দেওয়ার অভিযোগে এর আগে মহম্মদ আলি জিন্না এবং ইমথাতুল্লাহর বিরুদ্ধেও চার্জশিট দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় সংস্থার দাবি, তদন্ত এখনও চলমান এবং নতুন নতুন তথ্যপ্রমাণ হাতে আসার ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রামলিঙ্গম হত্যা মামলার এই নতুন অগ্রগতি আবারও প্রমাণিত করল যে, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডে মদত জোগানো ব্যক্তিদেরও কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।