‘কমিউনিস্ট বিরোধিতার ফল ভোগ করছে বাংলা!’ তৃণমূল-বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক বিকাশ

সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং চণ্ডীতলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। শাসকদলের দুই হেভিওয়েট সাংসদকে ঘিরে পরপর দুদিনের এই হেনস্থার ঘটনায় এবার মুখ খুললেন সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। রাজনৈতিক হিংসার কড়া নিন্দা করে তিনি সরাসরি কাঠগড়ায় দাঁড় করালেন তৃণমূল ও বিজেপি উভয়কেই।
‘শারীরিক আক্রমণ গ্রহণযোগ্য নয়’ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘যুবরাজ’ সম্বোধন করে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “এভাবে শারীরিক আক্রমণ সুস্থ ও স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে না।” তাঁর মতে, রাজনৈতিক মতাদর্শের লড়াই হওয়া উচিত গণতান্ত্রিক পরিসরে, কোনোভাবেই আক্রমণ বা হেনস্থার মাধ্যমে নয়। গণতন্ত্রে এই ধরনের সংস্কৃতি অত্যন্ত বিপজ্জনক বলে তিনি মনে করেন।
দুই দলকেই দায়ী করলেন বিকাশ হামলার নিন্দায় থেমে না থেকে বিকাশ বাবু বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, রাজ্যের বর্তমান হিংসাত্মক পরিস্থিতির জন্য তৃণমূল ও বিজেপি দুই দলই সমানভাবে দায়ী। তিনি বলেন, “বিজেপি ও তৃণমূল দুটি দলই অন্ধ কমিউনিস্ট বিরোধী আচরণ করে গুন্ডামিকে লালন করেছে। আজ সেই গুন্ডামিরই কুৎসিত পরিণতির ছবি প্রকাশ পাচ্ছে।” তাঁর অভিযোগ, এই দুই প্রধান শক্তিই দীর্ঘদিন ধরে অসহিষ্ণুতা ও রাজনৈতিক হিংসাকে রাজনীতির অঙ্গ করে তুলেছে।
বিতর্কিত মন্তব্যের রেশ উল্লেখ্য, অতীতে অদিতিমুন্সির মামলা ঘিরে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে করা তাঁর মন্তব্য নিয়ে কম জলঘোলা হয়নি। তবে এদিন কোনো রাখঢাক না করেই তিনি বর্তমান রাজনৈতিক অস্থিরতার জন্য শাসক ও প্রধান বিরোধী দলের নীতিকেই দায়ী করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিকাশরঞ্জন ভট্টাচার্যের এই মন্তব্য একদিকে যেমন হিংসার বিরুদ্ধে স্পষ্ট বার্তা, অন্যদিকে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক কৌশলের প্রতি চরম বিদ্রুপ।