দুপুরেই নামল আঁধার, তীব্র দহন শেষে স্বস্তির বৃষ্টি কলকাতায়

অবশেষে অপেক্ষার অবসান। তীব্র গরমের পর দুপুরের পরেই স্বস্তির বৃষ্টিতে ভিজল তিলোত্তমা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাবাস মিলিয়েই শুক্রবার দুপুর ২টোর পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় একযোগে ঝেঁপে বৃষ্টি নামে। বৃষ্টির সঙ্গে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া। আবহাওয়া অফিস জানিয়েছে, কলকাতা ও সংলগ্ন এলাকায় ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে, সাথে চলছে বজ্রপাত।
শুধু কলকাতা একাই নয়, দুপুরের পর থেকেই অঝোরে বৃষ্টি শুরু হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং বর্ধমান-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে।
বেশ কিছু জেলায় লাল সতর্কতা (Red Alert)
আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, দমকা বাতাসের সঙ্গে অতি ভারী বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলির মধ্যে রয়েছে:
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
পূর্ব বর্ধমান
হুগলি
হাওড়া
ঝাড়গ্রাম
আবহাওয়া দপ্তরের জরুরি পরামর্শ: ঝোড়ো হাওয়ার পাশাপাশি প্রবল বজ্রপাতের আশঙ্কা থাকায় এই জেলাগুলির বাসিন্দাদের অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে সাধারণ মানুষকে।
অন্যদিকে, সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের আগেই গভীর সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল হাওয়া অফিস। সেই সতর্কতা এখনও বহাল রয়েছে। বৃষ্টি নামায় এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই কমেছে, যা গত কয়েকদিনের ভ্যাপসা গরম থেকে দক্ষিণবঙ্গবাসীকে সাময়িক বড়সড় স্বস্তি দিল।