৩০ লক্ষ শিক্ষকের জন্য জরুরি খবর! TET পরীক্ষায় কি ফের ছাড় মিলবে? জানুন সুপ্রিম কোর্টের আপডেট

প্রাথমিক শিক্ষকদের জন্য বড়সড় স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। দেশজুড়ে কর্মরত প্রাথমিক শিক্ষকদের টিচার এলিজিবিলিটি টেস্ট (TET) পাশ করার সময়সীমা আরও এক বছর বাড়িয়ে দিল দেশের শীর্ষ আদালত।

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই ইস্যুতে বিচারপতি দীপঙ্কর দত্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এখন থেকে ২০২৮ সালের ৩১ অগস্টের মধ্যে দেশের সমস্ত কর্মরত প্রাথমিক শিক্ষককে অবশ্যই TET পাশ করতে হবে।

আগের নির্দেশ ও বর্তমান পরিস্থিতি:
দেশে প্রায় ৩০ লক্ষ এবং পশ্চিমবঙ্গে প্রায় ১ লক্ষ প্রাথমিক শিক্ষক রয়েছেন, যারা TET বাধ্যতামূলক হওয়ার আগেই চাকরিতে নিযুক্ত হয়েছিলেন। পূর্বে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে, ২০২৭ সালের ৩১ অগস্টের মধ্যে এই শিক্ষকদের যোগ্যতা যাচাই পরীক্ষায় (TET) বসতে হবে। অন্যথায় তাদের ভলান্টারি রিটায়ারমেন্ট বা স্বেচ্ছায় অবসরের পথে হাঁটতে হতে পারে। তবে, যাদের চাকরির মেয়াদ পাঁচ বছরের কম বাকি রয়েছে, তাদের এই পরীক্ষার আওতা থেকে আগেই ছাড় দেওয়া হয়েছিল।

কেন এই পরিবর্তন?
সুপ্রিম কোর্টের আগের নির্দেশের প্রেক্ষিতে একাধিক রিভিউ পিটিশন জমা পড়েছিল। শিক্ষকদের একাংশের দাবি ছিল, দীর্ঘদিন ধরে শিক্ষকতা করার অভিজ্ঞতার ভিত্তিতে তাদের এই পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়া হোক। কিন্তু এদিন ডিভিশন বেঞ্চ তাদের সেই আবেদন খারিজ করে স্পষ্ট জানিয়ে দিয়েছে, যোগ্যতা প্রমাণের জন্য সকলকে অবশ্যই পরীক্ষায় বসতে হবে।

তবে শিক্ষকদের কিছুটা স্বস্তি দিয়ে আদালতের তরফে পরীক্ষার সময়সীমা ২০২৭ থেকে বাড়িয়ে ২০২৮ সালের ৩১ অগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, এখন প্রাথমিক শিক্ষকদের হাতে প্রস্তুতির জন্য আরও বাড়তি এক বছর সময় থাকল।