ব্যঙ্গ থেকে বিপ্লব? ‘ককরোচ জনতা পার্টি’ কি এবার হতে চলেছে দেশের যুবশক্তির কণ্ঠস্বর?

প্রধান বিচারপতি সূর্য কান্তর একটি মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল ব্যঙ্গ-বিদ্রূপ, যা থেকে জন্ম নিল ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি (CJP)। কিন্তু শুরুর সেই ‘মিম’ সংস্কৃতিকে ছাপিয়ে সংগঠনটি এখন একটি সিরিয়াস ‘যুব আন্দোলন’-এর পথে হাঁটতে শুরু করেছে। রাজনৈতিক মহলে এখন প্রশ্ন—এটি কি স্রেফ সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড, নাকি দেশের যুবসমাজের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম?

আরশোলা কেন? প্রতীকী লড়াইয়ের মানে
ইনস্টাগ্রাম পোস্টে সিজেপি স্পষ্ট করেছে, আরশোলার মতো টিকে থাকার ক্ষমতা আর অন্ধকার ফাটলেও বংশবৃদ্ধি করার জেদ—এই বিষয়গুলোই ভারতের আজকের যুবসমাজের জীবনের সঙ্গে মিলে যায়। বেকারত্ব, প্রশ্নপত্র ফাঁস এবং প্রশাসনিক অবহেলায় পিষ্ট তরুণ প্রজন্মের কাছে ‘ককরোচ’ হয়ে ওঠা আসলে এক ধরনের অস্তিত্বের লড়াই। সিজেপির দাবি, তারা কোটি কোটি তরুণ ভারতবাসীর কণ্ঠস্বর হয়ে উঠতে চায়।

আন্দোলনের পরবর্তী লক্ষ্য:
সিজেপি তাদের সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে আগামী দিনের রূপরেখা স্পষ্ট করেছে:

স্বনির্ভর ও যুব-চালিত আন্দোলন: তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের লেজুড় হতে চায় না। এটি সম্পূর্ণ স্বাধীনভাবে তরুণদের নেতৃত্বে পরিচালিত হবে।

জবাবদিহিতা: সরকারকে নীতি ও কাজের জন্য প্রশ্ন করা এবং জবাবদিহিতার আওতায় আনা হবে তাদের প্রধান লক্ষ্য।

সংবিধানের পথে: সিজেপি জানিয়েছে, তাদের আদর্শ গান্ধী, আম্বেদকর, নেহেরু, ভগৎ সিং ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো জাতীয় নায়কদের দর্শন এবং ভারতের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তারা ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচারে বিশ্বাসী।

বাধা ও বিতর্ক:
আন্দোলনটি শুরু হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিকূলতার মুখে পড়েছে তারা। সিজেপি অভিযোগ করেছে, তাদের এক্স (X) হ্যান্ডেল সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের সব অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা চালানো হয়েছে। সরকারি অপপ্রচারের অভিযোগ তুলে তারা জানিয়েছে, এই ধরনের দমন-পীড়ন তাদের কাছে আশ্চর্যজনক নয়, বরং এই বাধা তাদের লক্ষ্যকে আরও মজবুত করেছে।