বকরি ইদে কঠোর যোগী সরকার! প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ, জারি নতুন নির্দেশিকা

আসন্ন বকরি ইদ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বজায় রাখতে কড়া পদক্ষেপ নিল উত্তর প্রদেশ সরকার। রবিবার, ২৪ মে রাজ্যের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রকাশ্যে পশু জবাই ও নমাজ পড়া নিয়ে একাধিক কঠোর নির্দেশিকা জারি করেছেন।

মুখ্যমন্ত্রীর নির্দেশিকার মূল বিষয়গুলি:
প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ: বকরি ইদে কোনোভাবেই প্রকাশ্যে পশু জবাই করা যাবে না। শুধুমাত্র নির্দিষ্ট কসাইখানা বা নির্ধারিত স্থানেই পশু জবাইয়ের অনুমতি দেওয়া হবে। এই নিয়ম অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাস্তা আটকে নমাজ নয়: মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইদের দিন নমাজ পড়তে হবে শুধুমাত্র মসজিদ বা নির্ধারিত ধর্মীয় স্থানে। রাস্তা বন্ধ করে বা আটকে কোনো অবস্থাতেই নমাজ পড়ার অনুমতি দেওয়া হবে না।

বর্জ্য নিষ্কাশন ও মাংস বিক্রি: পশুবলি বা জবাইয়ের পর বর্জ্য যাতে সুষ্ঠুভাবে পরিষ্কার করা হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে। প্রকাশ্যে মাংস বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। অবৈধ কসাইখানার বিরুদ্ধে চলবে অভিযান। বৈধ কসাইখানাতেও মাংস রাখার নির্দিষ্ট সীমা বা লিমিট মেনে চলতে হবে।

নিরাপত্তায় বিশেষ নজর: নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা এবং কসাইখানাগুলিতে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

স্পর্শকাতর এলাকায় বাড়তি সতর্কতা: আলিগড়, বিজনৌর, সাহারানপুর, রামপুর ও সম্বলের মতো এলাকাগুলোকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই সব জায়গায় বিশেষ পুলিশি টহল ও নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই শান্তি বিঘ্নিত না হয়।