‘সরাসরি শঙ্কর’-এ পুলিশের ASI! জমি কেনার টাকা নিয়ে প্রতারণার অভিযোগে দ্বারস্থ বিধায়কের।

সরকার পরিবর্তনের পরেই উত্তরবঙ্গে প্রশাসনিক স্বচ্ছতা ও জনসমস্যার সমাধানের দাবিতে সক্রিয় হয়ে উঠলেন বিজেপি বিধায়করা। শিলিগুড়ির বাঘাযতীন পার্কে বিধায়ক শঙ্কর ঘোষের ‘সরাসরি শঙ্কর’ কর্মসূচিতে ভিড় জমালেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। এদিন অভিযোগকারীদের মধ্যে ছিলেন নন্দিতা মজুমদার নামে এক পুলিশ অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ASI), যিনি জমি কেনার টাকা নিয়ে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ।
কী অভিযোগ ASI-এর? নন্দিতা মজুমদারের দাবি, বছর কয়েক আগে তিনি ২৯ নম্বর ওয়ার্ডের এক ব্যক্তিকে জমি কেনার জন্য সাড়ে পাঁচ লক্ষ টাকা দিয়েছিলেন। পরে জমি পছন্দ না হওয়ায় তিনি টাকা ফেরত চাইলে ওই ব্যক্তি তাঁকে তিনটি চেক দেন। কিন্তু ওই চেকগুলি ব্যাঙ্কে জমা দিতেই সেগুলি ‘বাউন্স’ করে। পুলিশের এই আধিকারিকের অভিযোগ, বিগত সরকারের আমলেও তিনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু কোনো সুরাহা মেলেনি। অবশেষে নতুন সরকারের আমলে সুবিচারের আশায় তিনি বিধায়ক শঙ্কর ঘোষের শরণাপন্ন হয়েছেন।
‘সরাসরি শঙ্কর’: সমস্যার সমাধানই লক্ষ্য এদিন শুধু জমি দুর্নীতি নয়, চাকরি, নিয়োগ সংক্রান্ত সমস্যা, পার্কিংয়ের অভাব এবং এলাকা পরিষ্কারের মতো প্রায় দেড়শোরও বেশি অভিযোগ নিয়ে মানুষ বিধায়কের কাছে এসেছিলেন। শিলিগুড়ি ছাড়াও কোচবিহার ও মালদা থেকে প্রচুর মানুষ ভিড় করেছিলেন। মানুষের অভাব-অভিযোগ সরাসরি শোনার জন্য এই কর্মসূচিকে নিয়মিত করার পরিকল্পনা করেছেন বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি ঘোষণা করেন, আগামী দিনে সাধারণ মানুষের সুবিধার্থে একটি হোয়াটসঅ্যাপ নম্বর এবং বিশেষ ওয়েবসাইট চালু করা হবে, যেখানে মানুষ তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন।
‘১৫ বছরের জঞ্জাল পরিষ্কার হবে ধীরে’ রাজ্যের সামগ্রিক দুর্নীতি প্রসঙ্গে শঙ্কর ঘোষ বলেন, “১৫ বছরে প্রচুর দুর্নীতির জঞ্জালে ভরে গিয়েছে এই রাজ্য। আমি চাইলেই সেটা ১৫ দিনে পরিষ্কার করতে পারব না। তবে মানুষের সমস্যাগুলো মন দিয়ে শুনছি এবং ধাপে ধাপে সেগুলো সমাধানের জন্য প্রশাসনিকস্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
রাজনৈতিক মহলের মতে, বিধায়কের এই সরাসরি জনসংযোগ কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে আশার আলো দেখাচ্ছে। পুলিশ আধিকারিকের মতো প্রশাসনিক স্তরের কর্মীরা যখন বিচারের জন্য জনপ্রতিনিধির দ্বারস্থ হচ্ছেন, তা থেকে রাজ্যে বর্তমান পরিস্থিতির একটি বড় পরিবর্তনের ইঙ্গিতই স্পষ্ট হচ্ছে।