‘তৃণমূলের হার-বার মডেল!’ ফলতায় ঐতিহাসিক জয়, অভিষেককে ‘জালিয়াত’ বলে তোপ শুভেন্দুর

তৃণমূলের একদা ‘দুর্গ’ হিসেবে পরিচিত ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের চূড়ান্ত ফলাফলে তৈরি হলো নজিরবিহীন ইতিহাস। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই আসনে ‘ডায়মন্ড হারবার মডেল’-কে ধূলিসাৎ করে বিপুল ব্যবধানে জয়ী হলেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। এই জয়ের ফলে রাজ্যের বিধানসভায় বিজেপির আসন সংখ্যা বেড়ে হলো ২০৮।

বিশাল ব্যবধানে জয় রবিবার ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে ভোটগণনা সম্পন্ন হয়। চূড়ান্ত ফলাফলে দেখা যায়, বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা ১ লক্ষ ৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এই জয়ের পর বিজেপির রাজ্য নেতৃত্বের দাবি, এটি কেবল একটি কেন্দ্রের জয় নয়, বরং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত রায়ের প্রতিফলন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ফলাফল প্রকাশের পর ফেসবুক পোস্টে তৃণমূল নেতৃত্বকে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘প্যারাসুটে নেমে সেনাপতি আখ্যা পাওয়া এক জালিয়াত’ বলে কটাক্ষ করেন তিনি। শুভেন্দুর কথায়, তৃণমূলের তথাকথিত ‘ডায়মন্ড হারবার মডেল’ আসলে ‘তৃণমূলের হার-বার মডেল’-এ পরিণত হয়েছে। তিনি অভিষেককে ‘বাঘছাল পরিহিত বিড়াল’ বলেও অভিহিত করেন।

মানুষের স্বাধীনতার লড়াই শুভেন্দু অধিকারী তাঁর ফেসবুক পোস্টে আরও লেখেন, “১৫ বছর পরে মানুষ নিজের ভোট নিজে দেওয়ার স্বাধীনতা ফিরে পেয়েছেন। তাই আসল বাস্তব সামনে এসেছে।” তিনি তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে অভিযোগ করেন যে, ক্ষমতায় থাকাকালীন তারা সরকারি ধন লুঠ, তোলাবাজি, সিন্ডিকেট রাজ ও ‘থ্রেট কালচারের’ মাধ্যমে সাধারণ মানুষকে কোণঠাসা করে রেখেছিল। অতীতের নির্বাচনে গণতন্ত্রের কণ্ঠরোধ করেই তৃণমূল এখানে বিশাল ব্যবধানে জয়ী হতো বলে তিনি দাবি করেন।

‘সোনার ফলতা’ গড়ার ডাক ফলতার ভোটারদের ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এবার এই কেন্দ্রে উন্নয়নের কাজ ত্বরান্বিত করা হবে। তিনি বলেন, “সোনার ফলতা গড়ার জন্য আমরা দায়বদ্ধ।” আগামী দিনে তৃণমূলের লড়াই ‘নোটা’র (NOTA)-র বিরুদ্ধে হবে বলেও তিনি বিদ্রূপ করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফলতার এই ফলাফল রাজ্যের রাজনীতিতে এক নতুন মেরুকরণ স্পষ্ট করে দিল। বিজেপির এই বিপুল জয় কেবল তৃণমূলের সাংগঠনিক দুর্বলতাই প্রকাশ করেনি, বরং ডায়মন্ড হারবারের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে তাদের আধিপত্যের অবসানকেও নিশ্চিত করেছে।