বরুণের মায়ের চরিত্রে মৌনি রায়! সমবয়সী অভিনেত্রীকে নিয়ে কেন তোলপাড় সোশ্যাল মিডিয়া?

ফের বলিউডে তার পুরোনো সিগনেচার কমেডি ঘরানা নিয়ে ফিরছেন পরিচালক ডেভিড ধাওয়ান। তাঁর আগামী ছবি ‘হ্যায় জওয়ানি তো ইসক হোনা হ্যায়’-এর ট্রেলার মুক্তির পর থেকেই নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রে উঠে এসেছে সিনেমাটি। একদিকে বরুণ ধাওয়ান, ম্রুণাল ঠাকুর ও পূজা হেগড়ের রসায়ন দর্শকদের নজর কাড়লেও, ট্রেলার প্রকাশের পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মৌনি রায়-এর চরিত্রকে ঘিরে।
কাস্টিং নিয়ে কেন বিতর্ক?
ছবিতে বরুণ ধাওয়ানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন মৌনি রায়। এই কাস্টিং ঘিরেই আপত্তি তুলেছেন নেটিজেনদের একাংশ। কারণ, বাস্তবে বরুণের বয়স ৩৯ আর মৌনির বয়স ৪০। প্রায় সমবয়সী অভিনেত্রীকে নায়কের মায়ের চরিত্রে অভিনয় করানোয় বলিউডের পুরোনো ছক নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তবে নেটিজেনদের আরেকটি অংশ একে ডেভিড ধাওয়ানের ‘সাহসী সিদ্ধান্ত’ হিসেবেই দেখছেন।
কী আছে ছবির গল্পে?
ছবিতে ‘জাস’ নামের এক যুবকের চরিত্রে অভিনয় করেছেন বরুণ। গল্প অনুযায়ী, জাস তার স্ত্রী ‘বাণী’-কে (ম্রুণাল ঠাকুর) ভীষণ ভালোবাসে। কিন্তু সন্তান না হওয়া নিয়ে তাদের সংসারে তৈরি হয় টানাপোড়েন। এরই মধ্যে জাসের জীবনে ‘প্রীত’-এর (পূজা হেগড়ে) প্রবেশ গল্পের মোড় ঘুরিয়ে দেয়। ভুল বোঝাবুঝি, পরিচয় গোপনের চাপ আর সম্পর্কের জটিল সমীকরণ নিয়েই এগোবে ছবির চিত্রনাট্য। ট্রেলারে প্রভাবশালী ডনসদৃশ চরিত্রে জিমি সেইগেলের উপস্থিতি ছবির কমেডির মাত্রা আরও বাড়িয়েছে।
আইনি জটিলতা ও মুক্তির তারিখ:
উল্লেখ্য, ছবির ট্রেলার মুক্তি নিয়ে বেশ বেগ পেতে হয়েছিল নির্মাতাদের। জনপ্রিয় গান ‘চুনরি চুনরি’ ব্যবহারের কপিরাইট সংক্রান্ত আইনি জটিলতার কারণে নির্ধারিত সময়ে ট্রেলার প্রকাশ করা সম্ভব হয়নি। পরে সেই সমস্যা মিটতেই দর্শকদের জন্য উন্মুক্ত করা হয় ঝলক।
দীর্ঘদিন পর ডেভিড ধাওয়ান তার প্রিয় জেনারে ফিরে এসেছেন। ৫ জুন বড় পর্দায় মুক্তি পাবে এই ছবিটি। এখন দেখার, নস্ট্যালজিয়া মেশানো এই পারিবারিক কমেডি দর্শকদের মন জয় করতে পারে কি না।