‘লক্ষ্মী ঝাঁপি’র সেটে আইবুড়ো স্ন্যাক্স! প্রেম পরিণতি পেলেও বিয়ের তারিখ নিয়ে কী বললেন সৌরভ?

টলিপাড়ার ‘মিষ্টি জুটি’ সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখার্জি এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি বাগদান ও আশীর্বাদ পর্ব সেরে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন এই তারকা জুটি। এবার জানা গেল, বিয়ের আনুষ্ঠানিকতার আগেই শুটিং ফ্লোরেই আইবুড়ো ভাতের স্বাদ পেলেন তাঁরা।

শুটিং ফ্লোরেই সেলিব্রেশন
সোশ্যাল মিডিয়ায় সৌরভ ও শুভস্মিতার আইবুড়ো ভাত খাওয়ার একাধিক ছবি ও ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে। এই বিষয়ে সৌরভ আজকাল ডট ইন-কে জানান, “আমরা ভেবেছিলাম আশীর্বাদের আগের দিন ছুটি নেব। কিন্তু ধারাবাহিকের শুটিংয়ের চাপে তা সম্ভব হয়নি। চার ঘণ্টার জন্য ফ্লোরে যেতে হয়েছিল। বিকেলে কাজ শেষে দেখি ইউনিটের সবাই আমাদের জন্য দারুণ খাওয়ার আয়োজন করেছে।” তবে এটাকে ঠিক আইবুড়ো ভাত বলতে নারাজ অভিনেতা। মজার ছলে তিনি বলেন, “সেটা ঠিক আইবুড়ো ভাত নয়, বরং ‘আইবুড়ো স্ন্যাক্স’ ছিল। মেনুতে ছিল প্রচুর জুস, প্রোটিন শেক ও ভাজাভুজি।”

বিয়ে কবে?
প্রেমের গুঞ্জনকে সত্যি করে বাগদান সারলেও বিয়ের তারিখ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি এই জুটি। এ প্রসঙ্গে সৌরভের সাফ কথা, “বিয়ের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। ধারাবাহিকের চাপের মধ্যে এই বিশেষ দিনটি পালন করতে চাই না। বিয়ে তো জীবনের একটা বড় অধ্যায়। আমরা চাই ধারাবাহিক শেষ হলে তবেই বিয়ের পিঁড়িতে বসতে। তাই সময় নিচ্ছি।”

শুটিং ফ্লোর থেকেই প্রেমের শুরু
দীর্ঘদিন একে অপরকে শুধু ‘ভালো বন্ধু’ বলে পরিচয় দিয়ে এলেও, শেষমেশ নিজেদের সম্পর্কের সিলমোহর দিয়েছেন সৌরভ-শুভস্মিতা। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’র শুটিং ফ্লোর থেকেই তাঁদের প্রেমের সূত্রপাত। পর্দায় নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করতে করতে বাস্তবেও একে অপরের প্রেমে পড়েন তাঁরা। এখন ফ্যানেরা অধীর আগ্রহে অপেক্ষায়, কবে তাঁদের প্রিয় জুটি আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসেন।