লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার ‘অন্নপূর্ণা ভাণ্ডার’! মহিলাদের জন্য মাসে ৩ হাজার টাকা, জেনে নিন খুঁটিনাটি

রাজ্য সরকারের নতুন উদ্যোগ ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের মাধ্যমে এবার মহিলাদের সরাসরি আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী জুন মাস থেকে এই প্রকল্পের সুবিধাভোগীরা প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক অনুদান পাবেন। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে টাকা সরাসরি তাঁদের [আধার-সংযুক্ত] ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।
যোগ্যতা ও আবেদনের নিয়ম:
বয়সসীমা: ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। ২৫-এর কম বা ৬০-এর বেশি বয়সিরা এই সুবিধা পাবেন না।
লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক: যারা আগে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন, তাঁদের সরাসরি এই নতুন প্রকল্পে স্থানান্তরিত করা হবে। যারা আগে আবেদন করেননি, তাঁরাও নতুন করে আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া: জুন মাস থেকে নতুন আবেদনের প্রক্রিয়া শুরু হচ্ছে। গ্রামীণ এলাকায় বিডিও (BDO) এবং শহর এলাকায় এসডিও (SDO)-এর মাধ্যমে আবেদন যাচাই করা হবে। কলকাতা পৌরনিগমের এলাকাগুলোতে কাজ করবেন স্বয়ং পৌরনিগমের আধিকারিকরা। জেলাশাসক বা কেএমসি কমিশনারের চূড়ান্ত অনুমোদনের পরেই নাম অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টালে যুক্ত হবে।
কারা পাবেন না এই সুবিধা?
সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না:
১. কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী চাকরিজীবী বা নিয়মিত বেতন/পেনশনভোগী।
২. সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌর সংস্থা বা রাজ্য সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/অশিক্ষক কর্মী।
৩. যারা আয়কর (Income Tax) প্রদান করেন।
৪. এছাড়া লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় থাকা মৃত, স্থানান্তরিত বা ডিলিটেড ভোটাররা এই সুবিধা পাবেন না। এসআইআর (SIR) ট্রাইব্যুনালে আপিল করা বা নাগরিকত্ব আইন (CAA) অনুযায়ী আবেদনকারীদের ক্ষেত্রে বিষয়টি বিচারাধীন থাকবে।