দূরপাল্লার যাত্রীদের জন্য সুখবর! শুরু হচ্ছে অমৃতসর-এনজেপি অমৃত ভারত এক্সপ্রেস, জানুন সময়সূচি

পশ্চিমবঙ্গ ও পাঞ্জাবের মধ্যে যাত্রী পরিষেবাকে আরও মসৃণ ও উন্নত করতে এবার নতুন রুট চালু করতে চলেছে ভারতীয় রেল। খুব শীঘ্রই চালু হতে চলেছে অমৃতসর-নিউ জলপাইগুড়ি ‘অমৃত ভারত এক্সপ্রেস’। এই ট্রেনটি উত্তরপ্রদেশ ও বিহারের গুরুত্বপূর্ণ শহরগুলির ওপর দিয়ে চলাচল করবে, যা দুই রাজ্যের বাসিন্দাদের যাতায়াতে নতুন দিগন্ত খুলে দেবে।

ট্রেনের সময়সূচি ও পরিষেবা:
রেলওয়ে বোর্ডের ১১ মে, ২০২৬ তারিখের নির্দেশিকা অনুযায়ী, এই ট্রেনটি সপ্তাহে একদিন করে চলবে। ১৪৬৬৪ এবং ১৪৬৬৩ নম্বর বিশিষ্ট এই ট্রেনটির সূচি নিম্নরূপ:

অমৃতসর থেকে নিউ জলপাইগুড়ি (১৪৬৬৪): প্রতি বৃহস্পতিবার দুপুর ১২:৪৫ মিনিটে অমৃতসর থেকে ছাড়বে এবং শনিবার ভোর ৪:১৫ মিনিটে নিউ জলপাইগুড়িতে পৌঁছাবে।

নিউ জলপাইগুড়ি থেকে অমৃতসর (১৪৬৬৩): প্রতি শনিবার সকাল ৮:০০ টায় নিউ জলপাইগুড়ি থেকে রওনা দেবে এবং সোমবার রাত ২:২০ মিনিটে অমৃতসর পৌঁছাবে।

৩৫টি স্টেশনে যাত্রাবিরতি:
অমৃতসর থেকে নিউ জলপাইগুড়ি দীর্ঘ যাত্রাপথে এই ট্রেনটি মোট ৩৫টি স্টেশনে থামবে। এর ফলে উত্তরপ্রদেশ ও বিহারের অনেক গুরুত্বপূর্ণ শহর সরাসরি রেল যোগাযোগ ব্যবস্থার আওতায় আসবে। উল্লেখযোগ্য স্টেশনগুলির মধ্যে রয়েছে—জলন্ধর সিটি, লুধিয়ানা, আম্বালা ক্যান্টনমেন্ট, সাহারানপুর, মোরাদাবাদ, বেরেলি, সীতাপুর, গোন্ডা, বার্হনি, গোরখপুর, নারকাটিয়াগঞ্জ, রাক্সৌল, সীতামাড়ি, ফোর্বসগঞ্জ, আরারিয়া, বাগডোগরা এবং শিলিগুড়ি।

যাত্রীদের জন্য সুফল:
রেল কর্তৃপক্ষের মতে, এই রুটে অমৃত ভারত এক্সপ্রেস চালু হলে পাঞ্জাব ও পশ্চিমবঙ্গের মধ্যে যোগাযোগের মাধ্যম আরও সহজতর হবে। দীর্ঘ দূরত্বের এই ট্রেনটি যাত্রীদের যাতায়াত ব্যবস্থাকে যেমন দ্রুত করবে, তেমনই উত্তর ভারতের সঙ্গে উত্তরবঙ্গের সরাসরি সংযোগ স্থাপন করবে। এর ফলে বিহার ও উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রগুলোর বাসিন্দারাও ভীষণভাবে উপকৃত হবেন।

রেল পরিষেবা উন্নত করার লক্ষ্যে এটি ভারতীয় রেলের একটি বড় পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।