‘আমি মেয়ে খুঁজছি!’ সলমনের একা থাকা নিয়ে বিস্ফোরক দাবি রাখির, নেটপাড়ায় শোরগোল!

বিতর্ক হোক কিংবা শিরোনামে থাকা—রাখি সবন্ত সব বিষয়েই পারদর্শী। ফের একবার সলমন খানকে নিয়ে নিজের অদ্ভুত মন্তব্যের জেরে নেটপাড়ায় আলোচনার কেন্দ্রে ‘ড্রামা কুইন’। এবার সলমন খানের সাম্প্রতিক একাকিত্বের বার্তার প্রেক্ষিতে ‘ভাইজান’কে বিয়ের পরামর্শ দিয়ে বসলেন রাখি!
ঘটনার সূত্রপাত সলমন খানের একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে। সম্প্রতি সলমন নিজের একটি ছবি পোস্ট করেন, যেখানে তাঁর অভিব্যক্তি দেখে নেটিজেনদের একাংশ মনে করেছিলেন, অভিনেতা একাকীত্বে ভুগছেন। মুহূর্তের মধ্যে সেই ছবি ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় জল্পনা। সলমন খানের সঙ্গে দীর্ঘদিনের পরিচিতি ও বন্ধুত্বের খাতিরে এই বিষয়ে মুখ খোলেন রাখি সবন্ত।
পাপারাৎজিদের মুখোমুখি হয়ে রাখি বলেন, “ভাইজান, আপনি একা। আপনার ওমেগা-৩ লেভেল বেড়েছে, মাথা গরম হয়ে গিয়েছে—তাই এসব বলছেন। ভাইজান, আপনি দ্রুত বিয়ে করুন। আমি আপনার জন্য পাত্রী খুঁজছি।” রাখির এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে।
এদিকে, জল্পনা বাড়তে থাকায় সলমন খান নিজেই আসরে নামেন। একাকিত্বের বার্তার ব্যাখ্যা দিয়ে তিনি স্পষ্ট জানান, ওই পোস্টে তিনি নিজের কথা বলেননি। সলমন লেখেন, “আমার এত বড় পরিবার এবং বন্ধুরা পাশে থাকতে আমি একা হব কেন? আমি কেবল মানুষের সঙ্গে থাকতে থাকতে ক্লান্ত হয়ে একটু ‘মি টাইম’ চেয়েছিলাম। আমার একটা ছবিই ব্রেকিং নিউজ হয়ে গেল! মা পর্যন্ত চিন্তিত হয়ে আমাকে ফোন করে খোঁজ নিলেন।”