বিক্রি হয়ে গেল ‘ডোনাল্ড ট্রাম্প’! কোরবানির হাটে মহিষের অদ্ভুত নাম নিয়ে তোলপাড়

সামনেই কোরবানির ঈদ, আর এই উৎসবের মরশুমে বাংলাদেশে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে একটি মহিষ। অদ্ভুত ব্যাপার হলো, সেই মহিষের নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের নামে নাম এবং তার মতোই চুলের স্টাইল—সব মিলিয়ে এই মহিষ এখন ইন্টারনেট দুনিয়ায় সেনসেশন।

কেন এই নাম?
নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে বেড়ে ওঠা ৪ বছর বয়সী এই সাদা মহিষটি বিরল অ্যালবিনো প্রজাতির। এর গায়ের রঙ গোলাপি আভা যুক্ত এবং মাথায় রয়েছে এক অদ্ভুত চুলের ঝুঁটি। ফার্মের মালিক জিয়া উদ্দিন মাইরদা জানান, মহিষটির চুলের স্টাইল দেখেই তার ছোট ভাই শখ করে নাম দিয়েছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’। সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হওয়ার পর থেকেই এই মহিষটিকে দেখার জন্য মানুষের ভিড় লেগে থাকত।

কত দামে বিক্রি হলো?
সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভাইরাল হওয়া এই মহিষটি অবশেষে বিক্রি হয়ে গেছে। প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি কেজি প্রতি ৫৫০ টাকা দরে মোট ৩ লক্ষ ৮৫ হাজার টাকায় কিনেছেন পুরান ঢাকার এক ব্যবসায়ী, মোহাম্মদ শরন। তবে মহিষটি কেনার পর থেকেই যেন একটু বেশিই গোপনীয়তা বজায় রাখছেন ক্রেতা। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা মহিষটি দেখতে চাইলে তিনি তা দেখাতে রাজি হননি। ভাইরাল হওয়ার কারণে অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতেই হয়তো নতুন মালিক তাকে আপাতত লোকচক্ষুর আড়ালে রেখেছেন।

মানুষ এবং পশুর নামের তুলনা না থাকলেও, শুধুমাত্র শখ করে রাখা এই অদ্ভুত নামই যে ডোনাল্ড ট্রাম্প মহিষটিকে সাধারণের থেকে আলাদা করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে, তা বলাই বাহুল্য। ঈদের আগে এই মহিষটির কাহিনী নেটদুনিয়ায় এখন দারুণ উপভোগ করছেন নেটিজেনরা।