ত্বিশা শর্মা মৃত্যু রহস্য: আদালতে আত্মসমর্পণ স্বামীর, ফাঁস হওয়া কল ডিটেইলসে মিলল চাঞ্চল্যকর তথ্য!

প্রাক্তন ‘মিস পুণে’ ও অভিনেত্রী ত্বিশা শর্মার রহস্যমৃত্যুর ঘটনায় তোলপাড় দেশ। ঘটনার ১০ দিন পলাতক থাকার পর অবশেষে শুক্রবার সন্ধ্যায় মধ্যপ্রদেশের জব্বলপুর জেলা আদালতে আত্মসমর্পণ করলেন মৃতার স্বামী তথা আইনজীবী সমর্থ সিং। এর আগে আগাম জামিনের জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেও, মধ্যপ্রদেশ হাইকোর্টে সেই আবেদন খারিজ হওয়ার পরই তিনি আত্মসমর্পণ করতে বাধ্য হন।

ফাঁস হওয়া কল ডিটেইলসে অস্বস্তিতে শাশুড়ি এই ঘটনায় সবচেয়ে বড় মোড়টি এসেছে প্রাক্তন জেলা জজ তথা ত্বিশার শাশুড়ি গিরিবালা সিং-এর কল ডিটেইল রেকর্ড (CDR) প্রকাশ্যে আসার পর। তথ্যে দেখা যাচ্ছে, ত্বিশার মৃত্যুর ঠিক পরের দিনই তিনি বিচার বিভাগের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে একের পর এক ফোন করেন। আরও রহস্যজনক বিষয় হলো, ওই তালিকায় সেই দুই টেকনিশিয়ানের (বিনোদ বাণী ও রোহিত বিশ্বকর্মা) নম্বরও রয়েছে, যারা বাড়িতে সিসিটিভি ক্যামেরা রক্ষণাবেক্ষণের কাজ করতেন। এই ফোনের নেপথ্যে কি কোনো প্রমাণ লোপাটের চেষ্টা? উঠছে প্রশ্ন।

মরদেহ নিতে অস্বীকার পরিবারের ত্বিশার বাবা নবনিধি শর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “দ্বিতীয়বার ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত আমরা মেয়ের মরদেহ গ্রহণ করব না। আমরা নিজের চোখে দেখেছি ওর মাথার খুলিতে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় ফাঁস লেগে মৃত্যু হলে মাথার খুলিতে চোট থাকে কীভাবে?” তিনি জানান, সুবিচারের আশায় তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।

পুলিশি তদন্ত ও ত্বিশার অতীত প্রাথমিক ময়নাতদন্তে ত্বিশার শরীরে কোনো মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি এবং পুলিশ এটিকে ‘আত্মহত্যা’ হিসেবে দেখছে। তবে পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির মানসিক নির্যাতনের কারণেই এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন ত্বিশা।

প্রসঙ্গত, ৩৩ বছর বয়সী ত্বিশা কর্পোরেট জগতে কাজ করার আগে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ২০২১ সালে তেলুগু ছবি ‘মুগ্গুরু মোনাগাল্লু’-তে অভিনয় করা এই প্রাক্তন ‘মিস পুণে’ ক্যারিয়ারের মধ্যগগনে থাকা সত্ত্বেও কেন অভিনয় জগত থেকে সরে গিয়েছিলেন, তা নিয়েও জনমনে কৌতূহল বাড়ছে। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ সহকর্মী ও অনুরাগীরা।