‘নিজেরাই ডাকছ, আবার নাটক কেন?’ কলকাতার তারকাদের মুখোশ টেনে হিঁচড়ে খুলে দিলেন স্বস্তিকা!

বলিপাড়ার এয়ারপোর্ট লুক হোক বা জিম থেকে বেরোনোর মুহূর্ত—ক্যামেরা হাতে তারকাদের পিছু ধাওয়া করা ‘পাপারাজ্জি’ বা ‘প্যাপস’ কালচার অত্যন্ত চেনা দৃশ্য। মুম্বইয়ের এই ছবিশিকারীদের ঠোঁটস্থ তারকাদের গাড়ির নম্বর। তবে বলিউডের অনেক তারকাই স্বীকার করেছেন, ক্যামেরার সামনে স্পট হওয়ার জন্য অনেক সময় তাঁদের নিজেদের পিআর (PR) টিমই পাপারাজ্জিদের খবর দেয়। আর মুম্বইয়ের সেই চেনা সংস্কৃতি এবার থাবা বসিয়েছে তিলোত্তমাতেও। বেশ কিছুদিন ধরেই কলকাতার এয়ারপোর্ট, রেস্তোরাঁ কিংবা স্যালোঁর বাইরে টলি-তারকাদের ক্যামেরাবন্দি হতে দেখা যাচ্ছে।

নেটিজেনদের একাংশের দাবি ছিল, প্রচারের আলোয় থাকতে টলিপাড়ার তারকারাই নাকি ফোন করে ডেকে আনেন এই ছবিশিকারীদের। আর নেটপাড়ার সেই গুঞ্জন ও সন্দেহেই এবার সপাটে সিলমোহর দিলেন টলিউডের স্পষ্টবক্তা অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। কলকাতার এই নতুন ‘প্যাপস কালচার’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ক্ষোভ উগরে দিলেন তিনি।

‘নিজেরাই ডেকে অবাক হওয়ার অভিনয় কেন?’
বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করেন স্বস্তিকা। সেখানে তিনি টলি-তারকাদের এই দ্বিচারিতা নিয়ে তীব্র বিরক্তি প্রকাশ করেন। স্বস্তিকা লেখেন, “এই ‘প্যাপস কালচার’, যা আমি ব্যক্তিগতভাবে একদমই সহ্য করতে পারি না এবং যা আমাকে ভীষণভাবে বিরক্ত ও অস্বস্তিতে ফেলে, সেটা এখন কলকাতার জীবনেও ঢুকে পড়েছে। বেশ কিছুদিন ধরেই হচ্ছে এটা।”

সিনেমার প্রচার বা কোনো ইভেন্টের স্বার্থে ছবিশিকারীদের ডাকাকে স্বাভাবিক মনে করলেও, তারকাদের ‘লুকোচুরি নাটক’ কোনোভাবেই মেনে নিতে পারছেন না অভিনেত্রী। তাঁর কথায়, “যেটা একদমই বুঝি না, সেটা হল— নিজেরাই যখন তাদের ডেকে আনছ, তখন আবার তাদের দেখে অবাক হওয়ার অভিনয় কেন? ‘তোমরা এখানে কেন?’— এই ধরনের সংলাপ বলে পুরো ব্যাপারটাকে আরও বেশি স্ক্রিপ্টেড আর হাস্যকর করে তোলার মানেটা কী? আপনারাই তো তাদের ডাকছেন, তাই না?” টাকা দেওয়া-নেওয়ার বিষয়টি ব্যক্তিগত হলেও, এই অকারণ ‘হঠাৎ দেখা হওয়ার’ নাটক কেন, সেই প্রশ্নই তুলেছেন তিনি।

‘অন্তত অভিনয়টা একটু বিশ্বাসযোগ্য করো!’
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে স্বস্তিকা জানান, কাজের সূত্রে প্রায় প্রতি সপ্তাহেই তাঁকে বিমানবন্দর বা বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয়। কিন্তু আজ পর্যন্ত কোনোদিন এয়ারপোর্টের বাইরে কোনো ফোটোগ্রাফার, ভিডিয়োগ্রাফার বা অনলাইন পোর্টালকে নিজে থেকে দাঁড়িয়ে থাকতে দেখেননি তিনি।

তারকাদের এই মেকি আচরণকে ‘অসহ্য’ ও ‘বোকা বোকা’ আখ্যা দিয়ে স্বস্তিকা সরাসরি খোঁচা মেরে বলেন, “যারা এই ভিডিওগুলো দেখছে, তারাও এখন সব বুঝে গিয়েছে। অন্তত এই প্যাপসদের সামনে অভিনয়টা একটু বিশ্বাসযোগ্য করে করো। সেখানেও কোনও বিশ্বাসযোগ্যতা নেই।”

স্বস্তিকার পোস্টে নেটপাড়ার হাততালি
অভিনেত্রীর এই বিস্ফোরক পোস্ট নিমেষের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। স্বস্তিকার এই স্পষ্টবাদিতাকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। এক অনুরাগী মন্তব্য করেছেন, “এত সুন্দর করে তুমি সত্যি কথাগুলো বলো। টু গুড! এমনি এমনি তো তোমায় এত ভালো লাগে না।” অন্য এক নেটিজেন টলি-তারকাদের কটাক্ষ করে লিখেছেন, “আমার মনে হয় এগুলো করে তারকারা প্রমাণ করতে চান যে তাঁরা এখনো বাজারে টিকে আছেন এবং তাঁদের গ্রহণযোগ্যতা রয়েছে। সত্যিই পুরো ব্যাপারটা বড্ড হাস্যকর।” সব মিলিয়ে, স্বস্তিকার এই পোস্ট এখন টলিপাড়ার অন্দরে বেশ বড়সড় আলোড়ন সৃষ্টি করেছে।