“বর্ষার কাউন্টডাউন শুরু!”-১৬ মে-র মধ্যেই ধেয়ে আসছে মৌসুমি বায়ু, বাংলায় কী প্রভাব?

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের দোরগোড়ায় কড়া নাড়তে চলেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশের জন্য একেবারে আদর্শ পরিবেশ তৈরি হয়ে গেছে। আগামী ১৬ মে-র মধ্যেই আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে বর্ষার প্রথম স্পেল প্রবেশ করতে পারে। তবে দেশের মূল ভূখণ্ড বা দক্ষিণবঙ্গে এখনই বর্ষার সরাসরি কোনও প্রভাব পড়ছে না। উল্টে উত্তর ও পশ্চিম ভারতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গে দুর্যোগ, দক্ষিণবঙ্গে অস্বস্তি
হাওয়া অফিসের মতে, বর্তমানে একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে সিকিম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি উত্তরপ্রদেশ, বিহার এবং পূর্ব বাংলাদেশের ওপর একাধিক ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতায় থাকা এই সিস্টেমগুলোর কারণেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের পরিস্থিতি তৈরি হলেও, পশ্চিমবঙ্গের উপকূলে কোনও নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে না।
রবিবার পর্যন্ত ভিজবে উত্তরবঙ্গ
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে।
-
দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার: মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস।
-
জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার: এই দুই জেলায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
-
দুই দিনাজপুর ও মালদহ: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের কপালে কী আছে?
উত্তরবঙ্গ যখন বৃষ্টিতে ভাসবে, তখন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে অনেকটাই কম। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কিছু কিছু এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
কলকাতায় আপাতত ভারী বা বড় ধরনের কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। বরং আগামী দু’দিনে তিলোত্তমার তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের তাপমাত্রায় বড় রদবদল না হলেও, দক্ষিণবঙ্গে গরম ও ভ্যাপসা অস্বস্তি চরমে উঠবে।