আম্বানিদের টেক্কা দিতে হাত মেলালেন আদানি-উবার! ভারতে আসছে বিশাল প্রজেক্ট, বদলে যাবে আপনার যাতায়াতের ধরন?

ভারতে ব্যবসা জমানোর এক দশক পর এবার বড়সড় ধামাকা দিতে চলেছে বিশ্বের অন্যতম রাইড-হেইলিং জায়ান্ট ‘উবার’ (Uber)। শুধু অ্যাপ-ক্যাব পরিষেবা নয়, এবার ভারতের মাটিতেই নিজেদের ‘ডেটা সেন্টার’ তৈরি করতে চলেছে তারা। আর এই মেগা প্রজেক্টে তাদের সঙ্গী হতে চলেছেন ভারতের অন্যতম ধনকুবের গৌতম আদানি।
সম্প্রতি উবারের সিইও দারা খোসরোশাহী ভারত সফরে এসে দিল্লি মেট্রোয় সাধারণ যাত্রীদের মতোই সফর করেন। সেই সফরের রেশ কাটতে না কাটতেই তিনি পৌঁছে যান আমেদাবাদে আদানি গ্রুপের সদর দফতরে। গৌতম আদানির সঙ্গে সেই হাই-প্রোফাইল বৈঠকের একটি ছবি নিজের ‘এক্স’ (টুইটার) হ্যান্ডেলে পোস্ট করে দারা নিজেই এই বড় ঘোষণাটি করেছেন।
কেন হাত মেলালেন আদানি ও দারা?
উবার সিইও তাঁর পোস্টে স্পষ্ট করেছেন যে, ভারতে তাঁদের ব্যবসার ব্যাপক প্রসারের কথা মাথায় রেখেই আদানি গ্রুপের সঙ্গে এই কৌশলগত পার্টনারশিপ করা হয়েছে। আদানি গ্রুপের প্রযুক্তিগত সহায়তায় ভারতেই উবার তাদের প্রথম ‘ডেটা সেন্টার’ স্থাপন করবে। এটি মূলত কাজ করবে উবারের গ্লোবাল ইনোভেশন হাব হিসেবে।
দারা খোসরোশাহী লেখেন, “আজ সকালে আমেদাবাদে গৌতম আদানির সঙ্গে দেখা করে খুব ভালো লাগল। আদানি গ্রুপের সঙ্গে আমাদের অংশীদারিত্ব তৈরি হয়েছে। ভারতে উবার এখন ইনোভেশন হাব হিসেবে দারুণ উন্নতি করছে। আমরা এখানে প্রথম ডাটা সেন্টার তৈরি করতে চলেছি, যেখানে প্রযুক্তিগত সাহায্য দেবে আদানি গ্রুপ।”
কেন এই ডাটা সেন্টার উবারের জন্য তুরুপের তাস?
বিশেষজ্ঞদের মতে, উবার এখন শুধুমাত্র একটি ক্যাব বুকিং অ্যাপ হিসেবে সীমাবদ্ধ থাকতে চায় না। তাদের পরবর্তী লক্ষ্য হলো ‘গ্লোবাল ডিস্ট্রিবিউশন ক্লাউড’ এবং একটি শক্তিশালী গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা। বর্তমানে উবারের বিশাল ইঞ্জিনিয়ারিং টিম বেঙ্গালুরু এবং হায়দরাবাদ থেকে কাজ করছে। ভারতে নিজস্ব ডাটা সেন্টার থাকলে স্থানীয় স্তরে তথ্য বিশ্লেষণ এবং প্রসেসিং অনেক দ্রুত হবে, যা অ্যাপের পরিষেবা আরও নিখুঁত করতে সাহায্য করবে।
রাপিডো চ্যালেঞ্জ ও উবারের ভবিষ্যৎ
ভারত সফরে এসে দারা খোসরোশাহী স্বীকার করে নিয়েছেন যে, এ দেশে বর্তমানে তাঁদের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে ‘রাপিডো’ (Rapido)। বিশেষ করে বাইক-ট্যাক্সি এবং সস্তা রাইডের বাজারে রাপিডো উবারকে কড়া টক্কর দিচ্ছে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে এবং গ্রাহকদের আরও উন্নত অভিজ্ঞতা দিতেই আদানিদের হাত ধরে পরিকাঠামোয় বিনিয়োগের পথে হাঁটছে এই মার্কিন সংস্থা।
ভারতের ডিজিটাল বিপ্লব এবং ক্রমবর্ধমান ডেটা ব্যবহারের বাজারে আদানি ও উবারের এই যৌথ উদ্যোগ দেশের প্রযুক্তি ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।