মৌনি-সূরজের সাজানো সংসারে কি ডিভোর্সের ছায়া? রাতারাতি উধাও বিয়ের সব স্মৃতি, আসল সত্যিটা কী?

গোয়ার সমুদ্রসৈকতে রূপকথার মতো বিয়ে। কখনও দক্ষিণ ভারতীয় রীতি, তো কখনও বাঙালি সাজে নজর কেড়েছিলেন বলিউডের ‘নাগিন’ মৌনি রায়। কিন্তু দুই বছর পার হতে না হতেই সেই সুখের সংসারে কি তবে বিচ্ছেদের কালো মেঘ? সম্প্রতি মৌনি রায়ের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি ঘিরে বলিপাড়ায় শুরু হয়েছে তীব্র জল্পনা।
ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলা হল সব স্মৃতি! যে মৌনি তাঁর স্বামী সূরজ নাম্বিয়ারের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেন, এখন তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে গেলেই দেখা যাচ্ছে অন্য ছবি। জল্পনা ছড়িয়েছে যে, মৌনি তাঁর স্বামীকে ‘আনফলো’ করেছেন এবং বিয়ের ও পরবর্তী সময়ের প্রচুর ছবি ডিলিট করে দিয়েছেন। এই ঘটনায় স্বভাবতই প্রশ্ন উঠছে, তবে কি বিচ্ছেদের পথেই হাঁটছেন এই তারকা দম্পতি?
লুকিয়ে প্রেম ও দুবাইয়ের ব্যবসায়ীর সঙ্গে সংসার শুরু থেকেই নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করতেন মৌনি। ২০১৯ সালে দুবাইতে নতুন বছরের পার্টিতে প্রথম আলাপ হয় ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার সূরজ নাম্বিয়ারের সঙ্গে। বেঙ্গালুরুর বাসিন্দা সূরজ পড়াশোনা করেছেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে এবং বর্তমানে দুবাইতে বাবার বিশাল ব্যবসার হাল ধরেছেন। প্রায় দুই বছরের গোপন প্রেমের পর ২০২২ সালে জাঁকজমকপূর্ণভাবে বিয়ে সারেন তাঁরা।
একসঙ্গে শুরু করেছিলেন ব্যবসা বিয়ের পর অভিনয়ের পাশাপাশি সূরজের সঙ্গে মিলে ব্যবসার জগতেও পা রেখেছিলেন মৌনি। ২০২২ সালে ‘আলটিমেট গুরুস’ নামে একটি এড-টেক প্ল্যাটফর্ম এবং ২০২৩ সালে মুম্বইতে ‘বদমাশ’ নামক একটি বিলাসবহুল রেস্তোরাঁ খোলেন এই দম্পতি। পেশাদার জীবনে দু’জনে সমানতালে এগিয়ে গেলেও ব্যক্তিগত জীবনে হঠাৎ এই দূরত্ব কেন, তা নিয়ে সন্দিহান অনুরাগীরা।
অতীতের গুঞ্জন ও বর্তমান বাস্তবতা একসময় পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে মৌনির সম্পর্কের কথা শোনা গেলেও পরে তা গুজব প্রমাণিত হয়। সূরজের সঙ্গেই থিতু হতে চেয়েছিলেন অভিনেত্রী। কিন্তু লাইমলাইট থেকে দূরে থাকা সূরজ আর গ্ল্যামার দুনিয়ার মৌনির মধ্যে ঠিক কী নিয়ে সমস্যার সূত্রপাত হলো, তা নিয়ে দু’পক্ষের কেউই এখনও মুখ খোলেননি।
এখন দেখার, এই ‘আনফলো’ করার বিষয়টি নিছকই মনের ভুল নাকি সম্পর্কের কফিনে শেষ পেরেক! উত্তরের অপেক্ষায় রয়েছেন মৌনি রায়ের লক্ষ লক্ষ অনুরাগী।