বিধানসভায় পা রাখার আগেই আদালতে ‘অভয়ার’ মা! কোন ৩ জনের নাম দিলেন রত্না? শোরগোল শিয়ালদা কোর্টে

বিধায়ক হিসেবে শপথ নিতে যাওয়ার কথা ছিল বিধানসভায়। কিন্তু পরনে সাদা শাড়ি আর চোখে মেয়ের বিচারের জেদ নিয়ে রত্না দেবনাথ প্রথমেই পৌঁছে গেলেন শিয়ালদা আদালতে। বুধবার সকালে বিধানসভার লাল কার্পেটে পা রাখার আগে মেয়ের বিচারের আবেদন জানিয়ে শিয়ালদা কোর্টে এক চাঞ্চল্যকর পদক্ষেপ করলেন পানিহাটির নবনির্বাচিত বিজেপি বিধায়ক।

তিন সন্দেহভাজনের নাম জমা:
আর জি কর কাণ্ডের বিচার পেতেই রাজনীতির ময়দানে নেমেছিলেন ‘অভয়ার’ মা। আজ তাঁর বিধায়ক হিসেবে শপথ নেওয়ার কথা থাকলেও তাঁর অগ্রাধিকার যে এখনও মেয়ের বিচার, তা স্পষ্ট করে দিলেন তিনি। এদিন আদালতের দ্বারস্থ হয়ে তিনি তিন সন্দেহভাজন ব্যক্তির তালিকা জমা দিয়েছেন এবং তাঁদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রত্না দেবী বলেন, “মেয়ের বিচারের জন্যই আজ কোর্টে একটি পুট-আপ পিটিশন দিয়েছি। আমি তিন জন সন্দেহভাজনের নাম দিয়েছি, যাদের গ্রেফতার করা একান্ত প্রয়োজন।” তবে এই তালিকায় ঠিক কাদের নাম রয়েছে, তা এখনই জনসমক্ষে খোলসা করতে চাননি তিনি।

‘মেয়েই আমার পৃথিবী’:
আর জি কর কাণ্ডের প্রায় দুই বছর কাটতে চলল। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। কিন্তু প্রথম থেকেই নির্যাতিতার পরিবারের দাবি ছিল, এই নৃশংস কাণ্ড একা সঞ্জয়ের পক্ষে ঘটানো সম্ভব নয়। রত্না দেবনাথের কথায়, “মেয়ে আমার গোটা পৃথিবী ছিল। গোটা দুনিয়া একদিকে গেলেও মেয়ের জন্য আমার এই লড়াই চলবেই। ক্ষমতার অলিন্দে যাওয়ার আগে এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বড় প্রায়োরিটি।”

বিচার আদায়ের লক্ষ্যেই রাজনীতি:
বিজেপির টিকিটে পানিহাটি থেকে জয়ী হওয়ার পর রত্না দেবনাথ জানিয়েছিলেন, বিচার পাওয়ার জন্য হাতে প্রশাসনিক ক্ষমতা থাকা জরুরি। সেই লক্ষ্যেই তাঁর রাজনীতিতে আসা। আজ শপথগ্রহণের পবিত্র দিনেও তিনি প্রমাণ করে দিলেন, বিধায়ক পদের চেয়েও একজন ‘মা’ হিসেবে মেয়ের খুনিদের শাস্তি দেওয়াই তাঁর প্রধান সংকল্প।

ইতিমধ্যেই রত্না দেবনাথের আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন সরকারের শপথের আবহে আর জি কর কাণ্ডের এই নতুন মোড় রাজ্য রাজনীতিতে ফের তোলপাড় ফেলে দিয়েছে। এখন দেখার, রত্না দেবনাথের দেওয়া ওই তিন নামের ওপর ভিত্তি করে তদন্ত প্রক্রিয়া কোন পথে এগোয়।