মেসিকাণ্ডে লুণ্ঠিত টাকা কি ফিরবে? জালিয়াতি রুখতে দিলীপ-নিশীথের মেগা অ্যাকশন প্ল্যান!

তিলোত্তমার ক্রীড়া ইতিহাসে ‘কালিমালিপ্ত’ অধ্যায় হিসেবে পরিচিতি পেয়েছে গত বছরের ১৩ ডিসেম্বরের মেসিকাণ্ড। এবার সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে কোমর বেঁধে নামল রাজ্যের নতুন সরকার। বুধবার সকালে প্রাতঃভ্রমণের সময় বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ এবং পরে সাংবাদিক বৈঠকে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এই বিষয়ে অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন।
তদন্তের রাডারে মেসিকাণ্ড: বিজেপি নেতা তথা প্রভাবশালী ব্যক্তিত্ব দিলীপ ঘোষ এদিন স্পষ্ট জানান, “মেসিকাণ্ডে কলকাতাকে যেভাবে বিশ্বজুড়ে বদনাম করা হয়েছে, তা মেনে নেওয়া যায় না। যারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং যারা সাধারণ মানুষের টাকা লুট করেছে, প্রত্যেককে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে।” তিনি আরও ইঙ্গিত দেন যে, প্রতারিত দর্শকদের অর্থ ফেরানোর বিষয়টিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
ফাইল তলব করলেন নিশীথ: রাজ্যের নতুন ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী নিশীথ প্রামাণিক দায়িত্ব নিয়েই মেসিকাণ্ডের ফাইল চেয়ে পাঠিয়েছেন। তাঁর কথায়, “যা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। আমি ফাইল চেয়েছি, সব খতিয়ে দেখা হবে। যদি দুর্নীতির প্রমাণ মেলে, তবে কাউকেই রেয়াত করা হবে না। প্রয়োজনে এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও আলোচনা করব।”
কী ঘটেছিল গত বছর? গত ১৩ ডিসেম্বর যুবভারতী স্টেডিয়ামে লিয়োনেল মেসিকে কেন্দ্র করে যে আয়োজন হয়েছিল, তাতে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। অভিযোগ ওঠে, টিকিটের কালোবাজারি ও অতিরিক্ত দর্শক প্রবেশের ফলে সাধারণ মানুষ মেসিকে দেখার সুযোগই পাননি। এর জেরে মাঠে ভাঙচুর ও রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতারও করা হয়েছিল।
দর্শকদের জন্য সুখবর? যাঁরা লক্ষাধিক টাকা খরচ করে টিকিট কেটেও প্রিয় তারকাকে চোখের দেখা দেখতে পারেননি, তাঁদের টাকা ফেরানোর দাবি জোরালো হচ্ছে। এ প্রসঙ্গে নিশীথ প্রামাণিক জানান, এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব না হলেও বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। পাশাপাশি, ভবিষ্যতে আরও বড় আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে দর্শকদের এই তিক্ত অভিজ্ঞতা ভোলার আশ্বাস দিয়েছে নতুন সরকার।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের আমলের এই ‘বিগ টিকিট’ ইভেন্টের নেপথ্যে কোনো বড় সিন্ডিকেট কাজ করেছিল কি না, তদন্তে এখন সেটাই প্রধান লক্ষ্য নবান্নের।