‘অনেক বাঘ-সিংহকে খাঁচায় ঢুকতে হবে!’ তপসিয়া অগ্নিকাণ্ডে মালিক গ্রেফতার হতেই চরম হুঁশিয়ারি দিলীপের

তপসিয়ার জুতোর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় এবার রণংদেহী মেজাজে রাজ্যের নতুন সরকারের মন্ত্রী দিলীপ ঘোষ। বুধবার সকালে পাম অ্যাভিনিউ থেকে কারখানার মালিক জাফর নিসার ও এক কর্মীকে পুলিশ গ্রেফতার করার পরই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। সাফ জানিয়ে দিলেন, রাজ্যে আর ‘টাকা দিয়ে রফা’ করার দিন চলবে না।
তপসিয়া কাণ্ডে গ্রেফতার মালিক, হাসপাতালে মৃত্যুর লড়াই
গত মঙ্গলবার তপসিয়ার একটি চামড়ার কারখানায় আগুন লেগে ঝলসে মৃত্যু হয় দুই শ্রমিকের। এই ঘটনায় আরও ৫ জন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। বুধবার সকালে ঘটনার তদন্তে নেমে পুলিশ কারখানার মালিক জাফর নিসারকে গ্রেফতার করে। স্থানীয়দের অভিযোগ, কোনো রকম অগ্নিনির্বাপক ব্যবস্থা ছাড়াই ঘিঞ্জি এলাকায় অবৈধভাবে এই কারখানা চালানো হচ্ছিল।
ব্যবসায়ীদের কড়া বার্তা দিলীপের
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘এতদিন টাকা-পয়সা দিয়ে রফা হতো, কারখানার বৈধতা দেখা হতো না। আমাদের সরকারে সেটা চলবে না।’’ ব্যবসায়ীদের সতর্ক করে তিনি জানান, এখনও সময় আছে তাঁরা যেন স্বতঃস্ফূর্তভাবে নথিপত্র বৈধ করে নেন। তিনি আশ্বাস দেন, “আপনারা বৈধভাবে ব্যবসা করুন, ভালো লাভ করুন, আমরাও সেটাই চাই। নিয়ম মেনে কাজ করলে কেউ আপনার গায়ে হাত দেবে না।”
‘ফাইল খোলা হবে, খাঁচায় ঢুকবে বাঘ-সিংহ’
অতীতের একাধিক অগ্নিকাণ্ডের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিলীপ ঘোষ বলেন, ‘‘আগে ঠিকঠাক ইনভেস্টিগেশন হতো না। এমনকি হাসপাতালের আগুনের ক্ষেত্রেও আমরা সেটা দেখেছি।’’ তিনি আরও অভিযোগ করেন, মগরাহাটের মতো এলাকায় বিদ্যুৎ সংযোগও অবৈধভাবে চলে, যার ফলে সরকার বিপুল পরিমাণ ট্যাক্স হারায়। এর পিছনে অসাধু সরকারি কর্মীদের হাত রয়েছে বলেও তিনি দাবি করেন।
হুঁশিয়ারির সুরে মন্ত্রী বলেন, ‘‘যেখানে যেখানে অবৈধ কাজ হয়েছে, সব ফাইল খোলা হবে। যেভাবে টাকা লুট করা হয়েছে, সেই টাকা ফেরত দিতে হবে। অভ্যেস না পাল্টালে আইন আছে বদলে দেওয়ার জন্য। অনেক বাঘ-সিংহকে এবার খাঁচায় ঢুকতে হবে।’’
টুটু বসুর প্রয়াণে শোকপ্রকাশ
এদিন ময়দানের বিশিষ্ট ক্রীড়া প্রশাসক টুটু বসুর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘‘টুটু বসু দীর্ঘকাল ময়দান কাঁপিয়েছেন। তাঁর চলে যাওয়া ক্রীড়া জগতের এক অপূরণীয় ক্ষতি।’’