“৪০ কোটি ভোটারের ভাগ্য নির্ধারণ!”-২২ রাজ্যে শুরু SIR-এর তৃতীয় পর্ব, জানুন বিস্তারিত

ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে এবং ‘ভুয়ো’ ভোটারদের দাপট রুখতে এবার চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারতের নির্বাচন কমিশন। সোমবার কমিশনের উচ্চপদস্থ আধিকারিকেরা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই দেশজুড়ে SIR (Special Information Revision) বা ভোটার তালিকা পরিমার্জন প্রক্রিয়ার তৃতীয় পর্ব শুরু হতে চলেছে। এবারের তালিকায় রয়েছে ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, যেখানে প্রায় ৪০ কোটি ভোটারের ভাগ্য নির্ধারণ হবে।
তালিকায় বড় কোপ: বাদ ৫ কোটির বেশি নাম নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান রীতিমতো চমকে দেওয়ার মতো। SIR-এর দ্বিতীয় পর্ব ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ১০টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে। ফলাফল? এই অঞ্চলগুলিতে আগে যেখানে ভোটার সংখ্যা ছিল ৫০.৯৯ কোটি, পরিমার্জনের পর তা কমে দাঁড়িয়েছে ৪৫.৮১ কোটিতে। অর্থাৎ, ১০.২ শতাংশ ভোটার ছাঁটাই করা হয়েছে। সব মিলিয়ে ৫.১৮ কোটিরও বেশি নাম বাদ পড়েছে চূড়ান্ত তালিকা থেকে।
বাংলা ও উত্তরপ্রদেশে রেকর্ড ‘মৃত’ ভোটার রিপোর্ট অনুযায়ী, বাদ পড়া নামের তালিকায় একটি বিশাল অংশ জুড়ে রয়েছে মৃত ব্যক্তিরা। প্রায় ৬৬.৮৮ লক্ষ মৃত ভোটারের নাম ডিলিট করা হয়েছে। এর মধ্যে সবথেকে বেশি মৃত ভোটার পাওয়া গিয়েছে উত্তরপ্রদেশে (২৫.৪৭ লক্ষ) এবং তার ঠিক পরেই রয়েছে পশ্চিমবঙ্গ (২৪.১৬ লক্ষ)। এছাড়া ৬৩.১৬ লক্ষ নাম মুছে ফেলা হয়েছে স্ক্রুটিনি এবং আপত্তির ভিত্তিতে।
মমতার আইনি লড়াই ও বিরোধীদের তোপ এই SIR প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ব্যক্তিগতভাবে আবেদন জানিয়েছিলেন এই প্রক্রিয়ার বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ, বিজেপি-বিরোধী ভোটারদের টার্গেট করতেই এই ছাঁটাই অভিযান চালানো হচ্ছে। যদিও কমিশনের দাবি, ভোটার তালিকা জঞ্জালমুক্ত করতেই এই পদক্ষেপ। বিহারে এই প্রক্রিয়া চলাকালীন তৃণমূল স্তরের কর্মীরা বাংলাদেশ, নেপাল ও মায়ানমারের নাগরিকদের হদিস পেয়েছেন বলে দাবি করা হলেও, কমিশন এখনও সরকারিভাবে কোনও পরিসংখ্যান দেয়নি।
তৃতীয় পর্বে নজরে কোন রাজ্যগুলি? গত মাসে পশ্চিমবঙ্গ, অসম, কেরলম, পুদুচেরি ও তামিলনাড়ুতে নির্বাচন চলায় এই প্রক্রিয়া স্থগিত ছিল। এবার সেইসব রাজ্য সহ দিল্লি, মহারাষ্ট্র, পঞ্জাব, ওড়িশা, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতেও SIR শুরু হচ্ছে। সব মিলিয়ে ৯৯ কোটি ভোটারের মধ্যে ইতিপূর্বেই ৬০ কোটি ভোটারের পরিমার্জন শেষ হয়েছে। বাকি ৪০ কোটি মানুষকে এবার এই প্রক্রিয়ার আওতায় আনা হবে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশ থেকে উত্তরাখণ্ড— সব রাজ্যের নির্বাচনী আধিকারিকদের প্রস্তুতি দ্রুত সম্পন্ন করতে বলা হয়েছে। যারা দীর্ঘ দিন ধরে ভোট দেন না কিংবা যাদের নথিতে গরমিল রয়েছে, তাঁদের নাম বাদ পড়ার আশঙ্কা প্রবল। ফলে আগামী কয়েক দিন ভোটার লিস্টের তালিকায় বড়সড় ওলটপালট হতে চলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।