“বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে?”-BJP-র সৌমিত্রের কথায় মিললো তাত্‍পর্যপূর্ণ ইঙ্গিত

দীর্ঘ প্রতীক্ষার অবসান। বাংলায় বিজেপি শাসিত প্রথম সরকারের মসনদে কে বসবেন, তা ঠিক হতে চলেছে আজই। তিলোত্তমায় পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ বিকেলেই নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বসবে হাই-ভোল্টেজ বৈঠক। সেখানেই ২০৭ জন নবনির্বাচিত বিধায়কের উপস্থিতিতে ঠিক হবে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম।

সৌমিত্র খাঁ-র বড় ইঙ্গিত: কে সেই ‘জননেতা’?

কে হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী? এই নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন বিজেপির হেভিওয়েট সাংসদ সৌমিত্র খাঁ-র একটি মন্তব্য আগুনের মতো ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, “একজন জননেতাই মুখ্যমন্ত্রী হবেন। যিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ করতে পারবেন, তিনিই বসবেন ওই চেয়ারে।” সৌমিত্রর এই ‘জননেতা’ শব্দবন্ধটি নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া। রাজনৈতিক মহলের একাংশের দাবি, এর মাধ্যমে তিনি অত্যন্ত স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। তবে বিজেপিতে বর্তমানে একাধিক জনপ্রিয় মুখ থাকায় শেষ মুহূর্ত পর্যন্ত সাসপেন্স বজায় থাকছে।

মুখ্যমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে কারা?

তালিকায় সবথেকে শক্তিশালী দাবিদার হিসেবে উঠে আসছে শুভেন্দু অধিকারীর নাম। নন্দীগ্রামে ‘জায়েন্ট কিলার’ হওয়ার পর এবার ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন তিনি। তাঁর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা এবং গত কয়েক বছরে বিরোধী দলনেতা হিসেবে আন্দোলনের ঝাঁঝ শুভেন্দুকে এই দৌড়ে অনেকটা এগিয়ে রাখছে।

তবে চমক দিতে ওস্তাদ বিজেপি নেতৃত্ব। তালিকায় রয়েছে শমীক ভট্টাচার্যের নামও। ‘ভদ্র ও মার্জিত’ ভাবমূর্তির শমীককে বেছে নিয়ে বিজেপি বাঙালি অস্মিতার কার্ড খেলতে পারে বলেও মনে করছেন অনেকে। মহিলা মুখ্যমন্ত্রীর কথা ভাবা হলে উঠে আসছে অগ্নিমিত্রা পালরূপা গঙ্গোপাধ্যায়ের নাম।

একই গাড়িতে শাহ-শুভেন্দু-শমীক: জল্পনা তুঙ্গে

আজ বিকেলে বৈঠকের আগে সকালেই দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন অমিত শাহ। লক্ষ্যণীয় বিষয় হলো, বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বর এবং সেখান থেকে হোটেলে ফেরার পথে অমিত শাহের গাড়িতেই ছিলেন শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্য। দীর্ঘ সময় তাঁদের মধ্যে রুদ্ধদ্বার আলোচনা হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ওই গাড়িতেই হয়তো ঠিক হয়ে গিয়েছে বাংলার আগামীর রূপরেখা।

এখন শুধু কয়েক ঘণ্টার অপেক্ষা। আজ সন্ধ্যার বৈঠকের পরেই স্পষ্ট হবে, রাজভবনে গিয়ে রাজ্যপালকে নতুন সরকারের তালিকা কারা জমা দেবেন।