৬০ কিমি বেগে আছড়ে পড়বে কালবৈশাখী! ঘূর্ণাবর্তের জেরে লণ্ডভণ্ড হতে পারে এই ৫ জেলা, জানুন লেটেস্ট আপডেট

অসহ্য গরম থেকে মিলবে সাময়িক মুক্তি, নাকি ধেয়ে আসছে বড় বিপদ? আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন কিন্তু চিন্তায় রাখছে সাধারণ মানুষকে। মধ্যপ্রদেশে তৈরি হওয়া একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত এবং বিহার পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার সাঁড়াশি চাপে হু হু করে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। যার জেরে শনিবার পর্যন্ত রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট চলবে।

দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট
হাওয়া অফিস জানাচ্ছে, আজ বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। এই জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বা কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী কয়েক দিন তাপমাত্রা খুব একটা না বাড়লেও আকাশ মূলত মেঘলা থাকবে। নদীয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও ঝড়ের দাপট দেখা দিতে পারে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এ ছাড়া মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে আবহাওয়া কিছুটা শুষ্ক হওয়ার সম্ভাবনা থাকলেও তার আগে পর্যন্ত পাহাড় থেকে সমতল—সর্বত্রই বৃষ্টির দাপট জারি থাকবে।

কলকাতার আবহাওয়া
বুধবার সকালে তিলোত্তমার পরিবেশ মনোরম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। তবে বিকেলের দিকে মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম। শনিবার পর্যন্ত মহানগরীতে বৃষ্টির এই লুকোচুরি খেলা চলবে।

আবহাওয়াবিদদের মতে, বর্তমানে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গিয়েছে। আগামী কয়েক দিনে এই তাপমাত্রা ধীরে ধীরে স্বাভাবিকের কাছাকাছি পৌঁছাতে পারে। তবে রবিবারের আগে দুর্যোগ কমার কোনও লক্ষণ নেই।