মেট্রো যাত্রীদের লটারি! আড়াই মিনিট অন্তর আসবে ট্রেন, বাংলার জন্য ৮৯৫ কোটি বরাদ্দ রেলের

তিলোত্তমার লাইফলাইন কলকাতা মেট্রোয় এবার এক বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে। অফিস টাইমে ট্রেনের জন্য আর দীর্ঘ অপেক্ষা নয়, বরং প্ল্যাটফর্মে পৌঁছতে না পৌঁছতেই চলে আসবে ট্রেন। বাংলার রেল পরিকাঠামো এবং বিশেষ করে কলকাতা মেট্রোর আধুনিকীকরণে প্রায় ৮৯৫.৩০ কোটি টাকা অনুমোদন করল রেল মন্ত্রক।
৫ মিনিট থেকে কমে আড়াই: কী ভাবে সম্ভব?
বর্তমানে কলকাতা মেট্রোর ব্লু-লাইনে (কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর) সাধারণত ৫ মিনিট বা তার বেশি অন্তর ট্রেন চলে। কিন্তু ক্রমবর্ধমান যাত্রীদের চাপের কথা মাথায় রেখে এই সময়সীমা কমিয়ে আড়াই মিনিট করার লক্ষ্যমাত্রা নিয়েছে রেল। আর এই লক্ষ্যপূরণ করতে কেবল মেট্রো পরিষেবার পরিকাঠামো উন্নয়নের জন্যই বরাদ্দ করা হয়েছে ৬৭১.৭২ কোটি টাকা।
রেল সূত্রের খবর, এই বিপুল অর্থ ব্যয় করা হবে মূলত বিদ্যুৎ সংযোগ ও পাওয়ার গ্রিড ব্যবস্থার উন্নতির জন্য:
-
৭টি নতুন ট্র্যাকশন সাবস্টেশন: ২৯১.০৬ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে আধুনিক সাবস্টেশন।
-
এসপ্লানেড থেকে কবি সুভাষ: এই রুটের মধ্যে অক্সিলিয়ারি ও ট্র্যাকশন সাবস্টেশন তৈরিতে খরচ হবে ৩৮০.৬৬ কোটি টাকা।
-
এলিভেটেড অংশে নজর: নেতাজি থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রোর ওপরের অংশে বিদ্যুৎ সংযোগ আরও উন্নত করা হবে যাতে উচ্চ গতিতে বেশি সংখ্যক ট্রেন চালানো যায়।
রেলসেতু পুনর্নির্মাণে বড় পদক্ষেপ
কেবল মেট্রো নয়, রেলের এই মেগা প্যাকেজের আওতায় রয়েছে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনও। আসানসোল ও টাটানগরের মধ্যে সংযোগকারী গুরুত্বপূর্ণ মধুকুণ্ড-দামোদর সেকশনে ৫২০ নম্বর রেলসেতুটি নতুন করে তৈরি করা হবে।
কয়লা পরিবহন এবং ডিএফসি ফিডার লাইন হিসেবে এই রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেতু ও সংলগ্ন ট্র্যাকের কাজের জন্য ২২৩.৫৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।