ভোটের ফলে কারচুপি রুখতে মরিয়া কমিশন! কোথাও ৫০ ছুঁইছুঁই তো কোথাও মাত্র ৬ জন, জেলাভিত্তিক তালিকায় বড় চমক

দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে কয়েক ঘণ্টা পরেই। সোমবার সকাল থেকে শুরু হবে ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা। ২৯৪টি আসনের মধ্যে ফলতা বাদে ২৯৩টি আসনের ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। গণনাকেন্দ্রের ভেতরে স্বচ্ছতা বজায় রাখতে এবং কোনওরকম বিশৃঙ্খলা এড়াতে এবার রেকর্ড সংখ্যক ৪৩১ জন গণনা পর্যবেক্ষক বা ‘কাউন্টিং অবজার্ভার’ নিয়োগ করা হয়েছে।
উত্তর ২৪ পরগনায় কড়া পাহারা
কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এবার সবচেয়ে বেশি পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। এই জেলার ৩৩টি বিধানসভা আসনের জন্য মোট ৪৯ জন পর্যবেক্ষক থাকছেন। রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর এই জেলায় নজরদারিতে কোনও খামতি রাখতে চাইছে না কমিশন।
পর্যবেক্ষকের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। ফলতা বাদে এই জেলার বাকি ৩০টি আসনের জন্য ৪৫ জন অবসার্ভার নিয়োগ করা হয়েছে। এছাড়া পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরের প্রতিটি জেলায় ১৬টি আসনের জন্য ২৬ জন করে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।
সবচেয়ে কম পর্যবেক্ষক কোথায়?
রাজ্যে সবচেয়ে কম পর্যবেক্ষক থাকছেন আলিপুরদুয়ার জেলায়। সেখানে ৫টি আসনের জন্য মাত্র ৬ জন গণনা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। উত্তরবঙ্গের এই জেলায় বুথের সংখ্যা ও আয়তন তুলনামূলক কম হওয়ায় এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
একনজরে গুরুত্বপূর্ণ জেলাগুলির তালিকা:
-
কলকাতা (উত্তর ও দক্ষিণ): ১১টি আসনে ১২ জন।
-
নদিয়া: ১৭টি আসনে ২৫ জন।
-
হাওড়া: ১৬টি আসনে ২৫ জন।
-
হুগলি: ১৮টি আসনে ২৪ জন।
-
বীরভূম: ১১টি আসনে ১২ জন।
-
বাঁকুড়া: ১২টি আসনে ১৫ জন।
-
কোচবিহার: ৯টি আসনে ১১ জন।
-
দক্ষিণ দিনাজপুর: ৬টি আসনে ৭ জন।
কমিশন সূত্রে জানানো হয়েছে, প্রতিটি গণনাকেন্দ্রে ইভিএম থেকে তথ্য সংগ্রহ এবং তা নথিভুক্ত করার সময় এই পর্যবেক্ষকরা সরাসরি তদারকি করবেন। কোনও টেবিলে গণনা নিয়ে বিতর্ক তৈরি হলে এই অফিসারদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় যাতে কোনও ত্রুটি না থাকে, তার জন্য আজ রাত থেকেই শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখছেন ৪৩১ জন ‘স্পেশাল’ অফিসার।