মধ্যবিত্তের মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড়! ৪ বছর পর পেট্রোল-ডিজেলের দামে বড়সড় বদল আনছে কেন্দ্র?

সাধারণ মানুষের পকেটে মুদ্রাস্ফীতির বোঝা আরও বাড়তে চলেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া হওয়ায় ভারতেও পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের (LPG) দাম বাড়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। সরকারি সূত্রের খবর অনুযায়ী, আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যেই এই মূল্যবৃদ্ধির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
কতটা বাড়তে পারে দাম? শীর্ষ সরকারি সূত্রের বরাত দিয়ে জানা গিয়েছে, পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ৪ থেকে ৫ টাকা পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে, মধ্যবিত্তের রান্নাঘরের দুশ্চিন্তা বাড়িয়ে এলপিজি সিলিন্ডারের দামও এক ধাক্কায় ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদি এই সিদ্ধান্ত কার্যকর হয়, তবে গত চার বছরের মধ্যে এটিই হবে জ্বালানি তেলের দামে সবথেকে বড় বৃদ্ধি।
কেন এই আকস্মিক মূল্যবৃদ্ধি? মূল্যবৃদ্ধির নেপথ্যে রয়েছে বিশ্ব রাজনীতির অস্থিরতা। পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে তেলের ব্যারেল প্রতি দাম দ্রুত বাড়ছে। এছাড়াও সমুদ্রপথে তেল পরিবহনের ঝুঁকি ও বিমা খরচ বেড়ে যাওয়ায় তেল বিপণনকারী সংস্থাগুলোর (OMC) ওপর ব্যাপক আর্থিক চাপ তৈরি হয়েছে।
সরকারের পরবর্তী পদক্ষেপ কী? ২০২২ সাল থেকে ভারতে খুচরা তেলের দাম মোটামুটি স্থিতিশীল ছিল। কিন্তু বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতির চাপে তেল সংস্থাগুলো বড়সড় ক্ষতির সম্মুখীন হচ্ছে। সরকার একদিকে যেমন সংস্থাগুলোর লোকসান কমাতে চাইছে, অন্যদিকে সাধারণ মানুষের ওপর যাতে মুদ্রাস্ফীতির চড়া প্রভাব না পড়ে, সেই ব্যালেন্স করার পথ খুঁজছে।
পরবর্তী এক সপ্তাহের মধ্যেই জানা যাবে কেন্দ্র সরকার তেলের বর্ধিত দাম নিয়ে ঠিক কী সিদ্ধান্ত নেয়। তবে আপাতত ৫-৭ দিনের এই সময়সীমা আমজনতার জন্য যথেষ্ট উদ্বেগের।