বিদেশে লুকিয়েও মিলল না রেহাই! এসবিআই-এর শত শত কোটি টাকা হাতিয়ে শ্রীঘরে ব্যাংক জালিয়াত

কয়েকশো কোটি টাকার ব্যাংক জালিয়াতি করে বিদেশে গা-ঢাকা দিয়েও শেষ রক্ষা হল না। সংযুক্ত আরব আমিরশাহি (UAE) থেকে ভারতের হাতে তুলে দেওয়া হল কুখ্যাত জালিয়াত কমলেশ পারেখকে। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই প্রশাসনের সহযোগিতায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI) তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে।
ব্যাংক কনসোর্টিয়ামের শতকোটি লোপাট
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কমলেশ পারেখের বিরুদ্ধে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) সহ একাধিক ব্যাংকের একটি গোষ্ঠীকে (Consortium) প্রতারণা করার অভিযোগ রয়েছে। অভিযুক্ত ব্যক্তি একটি সুসংগঠিত নেটওয়ার্ক তৈরি করেছিলেন। জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে পাওয়া অর্থ তিনি বিদেশে পাচার করতেন। অভিযোগ, তিনি বিভিন্ন প্রোমোটার ও ডিরেক্টরদের সঙ্গে হাত মিলিয়ে বিদেশের একাধিক ভুঁয়ো সংস্থায় ব্যাংকের তহবিল সরিয়ে ফেলেছিলেন।
আর্থিক লেনদেনে কারসাজি ও বিদেশের নেটওয়ার্ক
তদন্তে জানা গেছে, কমলেশ সংযুক্ত আরব আমিরশাহি সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে রপ্তানি সংক্রান্ত কারসাজি চালাতেন। ব্যাংকিং চ্যানেলের অপব্যবহার করে মোটা অংকের টাকা পাচারের নীল নকশা তৈরি করেছিলেন তিনি। এই বিশাল আর্থিক কেলেঙ্কারিটি ফাঁস হওয়ার পর থেকেই তিনি ভারত ছেড়ে পালিয়ে যান।
ইন্টারপোল ও কূটনৈতিক জয়
কমলেশ পারেখকে ধরতে সিবিআই-এর অনুরোধে ইন্টারপোল একটি রেড নোটিশ জারি করেছিল। ভারতের বিদেশ মন্ত্রক (MEA) এবং স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) ক্রমাগত চাপের মুখে সংযুক্ত আরব আমিরশাহি কর্তৃপক্ষ তাকে আটক করে। ১লা মে দিল্লির মাটি স্পর্শ করা মাত্রই তাকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই এবং কলকাতার বিএসএফবি (BSFB) শাখা।
ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বর্তমানে ইন্টারপোলের মাধ্যমে বিশ্বজুড়ে অপরাধীদের ধরতে অত্যন্ত সক্রিয়। গত কয়েক বছরে এই কূটনৈতিক ও আইনি সমন্বয়ের ফলে ভারত ১৫০ জনেরও বেশি পলাতক অপরাধীকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। কমলেশ পারেখকে নিজেদের হেফাজতে নিয়ে এখন জালিয়াতির শিকড় কতদূর তা খতিয়ে দেখছে সিবিআই। অভিযুক্তকে খুব শীঘ্রই বিশেষ আদালতে পেশ করা হবে।